Reuse Empty Perfume Bottles: পারফিউম শেষ? বোতলটা ফেলবেন না! এই ৪ উপায়ে ঘর সাজালে তাক লেগে যাবে সবার

Reuse Empty Perfume Bottles: ঘরের ড্রয়ারে জমে থাকা পারফিউমের বোতল কি শেষমেশ আবর্জনার স্তূপেই জায়গা পায়? একটু সৃজনশীলভাবে ভাবলেই ফেলে দেওয়া সামগ্রী দিয়েই তাক লাগানো চমক তৈরি সম্ভব। এই খালি শিশি না ফেলে কাজে লাগান এভাবে।

Reuse Empty Perfume Bottles: পারফিউম শেষ? বোতলটা ফেলবেন না! এই ৪ উপায়ে ঘর সাজালে তাক লেগে যাবে সবার
কী কী ভাবে সাজাবেন?Image Credit source: Free pik

Aug 25, 2026 | 11:32 AM

পারফিউমের শিশি (Perfume Bottles) খালি হয়ে গেলেই আমরা কী করি? ড্রয়ারে পড়ে পড়ে জায়গা নষ্ট করে, নয়তো এক সময় সোজা ডাস্টবিনে জায়গা পায়। অথচ একটু মন দিয়ে দেখলেই চোখে পড়ে, এই শিশিগুলোর কাচের নকশা আর কারুকাজ কতটা রাজকীয়! সুগন্ধি না হয় ফুরিয়ে গিয়েছে, কিন্তু সাধের বোতলটা তো নষ্ট হয়ে যায়নি। এই বাতিল শিশিগুলোকেই একটু হাতসাফাই করে কাজে লাগালে, অল্প খরচেই আপনার বসার ঘর থেকে পড়ার টেবিল, সবটাই আস্ত একটা আর্ট গ্যালারির মতো সেজে উঠতে পারে। বোতলটা কাজে লাগানোর আগে শুধু সাবান জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন।

কী কী ভাবে এই শিশি দিয়ে ঘর সাজাবেন?

লাইট শোপিস

শিশির মুখ যদি কিছুটা চওড়া হয়, তবে সেখানে ছোট একটি মোমবাতি বা LED টি-লাইট রাখতে পারেন। দেখতে লাগবে একদম নামীদামি শোপিসের মতো। আবার চাইলে বোতলের পেটের ভেতর সরু তারের LED টুনি লাইটও গুঁজে দিতে পারেন। সন্ধে নামলে সেই মায়াবী আলোর খেলা পুরো ঘরের মেজাজটাই নিমেষে নরম আর আরামদায়ক করে তুলবে। তবে মোমবাতি ব্যবহারের ক্ষেত্রে বোতলটি তাপ সহনশীল কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

ফুলদানি

সুগন্ধির শিশিগুলোর কাচ বেশিরভাগ সময়েই দারুণ রঙের হয়, কখনও হালকা গোলাপি, কখনও আবার স্বচ্ছ সবুজ। এই বোতলে সামান্য জল দিয়ে ছোট ছোট তাজা ফুল গুঁজে দিন। কাঠের সেলফ বা জানলার কার্নিশে সাজিয়ে রাখলে ঘরজুড়ে এক মিষ্টি আবহ তৈরি হবে।

সুগন্ধির ডিফিউজার

স্প্রে করার ঢাকনাটি যদি আর ব্যবহারযোগ্য না-ও থাকে, বোতলটিকে ছোট ডিফিউজার হিসেবে কাজে লাগাতে পারেন। পরিষ্কার ও শুকনো বোতলে রিড ডিফিউজারের তরল ভরে কয়েকটি রিড স্টিক ঢুকিয়ে দিন। ঘরের এক কোণে রাখলেই বোতলটি যেমন সুন্দর দেখাবে, তেমনই ছড়াবে মন ভালো করা সুবাস। তবে বোতলটি আগে ভালো করে পরিষ্কার করে নেওয়া জরুরি এবং নতুন কোনও তরল ব্যবহারের আগে বোতলের উপাদানের সঙ্গে তা নিরাপদ কি না, দেখে নিন।

গাছের টব

শিশিটা যদি একটু চওড়া বা বড় হয়, তবে পরিষ্কার জল দিয়ে তাতে মানি প্ল্যান্ট বা লাকি ব্যাম্বুর মতো চারা বসিয়ে দিন। ঘরের এক কোণে কাচের বোতলে ছোট্ট এই সবুজের ছোঁয়া দেখতেও ভারি মিষ্টি লাগে। তবে বোতলের আকার ও গাছের প্রয়োজন অনুযায়ী জল ও জায়গা যথেষ্ট আছে কি না, তা খেয়াল রাখুন।

Loading...
Unable to load recommendations.
Follow Us