Clean Smelly Water Bottles: জলের বোতলে বোঁটকা গন্ধ? ব্রাশ লাগবে না, রান্নাঘরের ৩ জিনিসেই হবে ঝকঝকে পরিষ্কার

Water bottle cleaning tips: রোজ পরিষ্কার করার পরও জলের বোতলে দুর্গন্ধ আর হলদে দাগ? রান্নাঘরের মাত্র তিনটি সাধারণ জিনিস দিয়ে ব্রাশ ছাড়াই বোতলের ভেতরের ময়লা ও দুর্গন্ধ দূর করার সহজ উপায় জেনে নিন। কী কী লাগবে?

Clean Smelly Water Bottles: জলের বোতলে বোঁটকা গন্ধ? ব্রাশ লাগবে না, রান্নাঘরের ৩ জিনিসেই হবে ঝকঝকে পরিষ্কার
কী কী করবেন?Image Credit source: youtube

Aug 19, 2026 | 12:22 PM

ভাবুন তো, সকালবেলা বড্ড তাড়া! বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, আপনারও অফিসে বেরোনোর সময় হয়ে এসেছে। তাড়াহুড়ো করে জলের বোতলে (Water bottle) জল ভরতে গেলেন, আর ঢাকনা খুলতেই… উফ! সেই বোঁটকা গন্ধ! বোতলের ভেতরে উঁকি মেরে দেখলেন, একটা হলদেটে প্রলেপও পড়ে রয়েছে। রোজ তো সাবান-জল দিয়ে পরিষ্কার করেন, তা-ও এমন হাল কেন?

বিশেষ করে সরু মুখের বোতল হলে ব্রাশ দিয়েও তার প্রতিটি কোণায় পৌঁছনো বেশ কঠিন। ফলে ভেতরে ময়লা বা জল জমে থাকলে সেখান থেকে দুর্গন্ধ তৈরি হতে পারে। তবে এবার এই ঝঞ্ঝাট থেকে মুক্তির সহজ উপায় রয়েছে। দামি কোনও কেমিক্যাল নয়, রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ জিনিস দিয়েই করতে পারেন বোতলের ডিপ ক্লিনিং।

ম্যাজিক মিশ্রণ বানাতে কী কী লাগবে?

লাইফস্টাইল কোচ পুনম দেবনানি একটি সহজ পদ্ধতির কথা জানিয়েছেন। এর জন্য আলাদা করে কোনও দামি ক্লিনার কেনার প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা মাত্র তিনটি জিনিস দিয়েই পরিষ্কার করতে পারবেন বোতল।

  • ১ টেবিল চামচ শুকনো চাল
  • ১ টেবিল চামচ সাদা ভিনিগার
  • ১ চা চামচ নুন
  • অল্প পরিমাণ হালকা গরম জল

কীভাবে পরিষ্কার করবেন?

এবার ভাবছেন, এগুলো দিয়ে কী করবেন? পদ্ধতিটা খুবই সহজ।

  • প্রথমে বোতলের ভেতরে চাল, ভিনিগার এবং নুন একসঙ্গে দিয়ে দিন। এরপর তাতে অল্প হালকা গরম জল ঢালুন। বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে ১ থেকে ২ মিনিট জোরে জোরে ঝাঁকাতে থাকুন।
  • তারপর বোতল খুলে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। প্রয়োজন হলে একই প্রক্রিয়া আরও একবার করতে পারেন।

ব্রাশ ছাড়া পরিষ্কার হল কীভাবে?

আপনার মনে প্রশ্ন আসতেই পারে, ব্রাশ ছাড়া বোতল পরিষ্কার হল কীভাবে? আসলে এখানে শুকনো চাল ছোট স্ক্রাবারের মতো কাজ করে। বোতল ঝাঁকানোর সময় চালের দানা ভেতরের দেওয়ালে ঘষা খেয়ে জমে থাকা ময়লা আলগা করতে সাহায্য করে।

অন্যদিকে, ভিনিগার বোতলের ভেতরের দুর্গন্ধ কমাতে এবং কিছু ধরনের ময়লা পরিষ্কার করতে সাহায্য করতে পারে। নুনও ঘষে পরিষ্কার করার প্রক্রিয়ায় সহায়তা করে। ফলে এই তিনটি উপাদান একসঙ্গে ব্যবহার করলে সরু মুখের বোতলের ভেতরটাও তুলনামূলক সহজে পরিষ্কার করা যায়।

পরিষ্কার করার পর কী করবেন?

  • তবে পরিষ্কার করার পর একটি কাজ অবশ্যই করতে হবে। পরিষ্কার জল দিয়ে বোতলটি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিন, যাতে ভিনিগারের গন্ধ বা কোনও উপাদানের অবশিষ্টাংশ ভেতরে না থাকে।
  • এরপর বোতল এবং ঢাকনা পুরোপুরি শুকিয়ে নিন। বোতলের মুখে রবারের সিল থাকলে সেটি খুলে আলাদা করে ধুয়ে শুকিয়ে নেওয়াও জরুরি। কারণ ঢাকনা বা সিলের ফাঁকে জল জমে থাকলে সেখানেও দুর্গন্ধ বা ছত্রাকের সমস্যা তৈরি হতে পারে।
  • বোতল নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি ব্যবহারের পর সেটি ভালোভাবে শুকিয়ে রাখা জরুরি। আর বোতলের গায়ে ফাটল দেখা দিলে, ভেতরে স্থায়ী দুর্গন্ধ থেকে গেলে বা পরিষ্কার করার পরও ময়লা না উঠলে সেটি বদলে ফেলাই ভালো।
  • জল রাখার জন্য স্টিল, কাচ অথবা মানসম্মত BPA-free প্লাস্টিকের বোতল বেছে নিতে পারেন। নিয়মিত পরিষ্কার এবং সঠিকভাবে শুকিয়ে রাখলেই বোতলে দুর্গন্ধ ও ময়লা জমার সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব।
Loading...
Unable to load recommendations.
Follow Us