
বাঙালির উৎসব মানেই পেটপুজো। আর সেই উৎসব যদি হয় পয়লা বৈশাখ, তবে মেনুতে সাবেকিয়ানা থাকা মাস্ট। সর্ষে ইলিশ বা চিংড়ির মালাইকারি তো অনেক হল, এবার বাঙালির প্রিয় বনেদি বাড়ির সেই চিরচেনা স্বাদ ফিরিয়ে আনুন নিজের রান্নাঘরে। এই নববর্ষের দুপুরে পাতে থাকুক সুগন্ধি বাসন্তী পোলাও এবং কষা পাঠার মাংস। রইল সহজ ঘরোয়া রেসিপি,
সুগন্ধি বাসন্তী পোলাও
বনেদি বাড়ির পোলাও মানেই ভুরভুরে সুগন্ধ আর পরিমিত মিষ্টি।
উপকরণ: গোবিন্দভোগ চাল (৫০০ গ্রাম), ঘি (৩ চামচ), আদা বাটা, গরম মশলা গুঁড়ো, কাজু, কিসমিস, নুন, চিনি (স্বাদমতো), সামান্য হলুদ এবং তেজপাতা।
প্রণালী: চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নিন। এবার চালের সাথে আদা বাটা, হলুদ, সামান্য ঘি এবং গরম মশলা মাখিয়ে অন্তত এক ঘণ্টা রেখে দিন। এরপর কড়াইতে ঘি গরম করে কাজু ও কিসমিস ভেজে তুলে নিন। ওই ঘিতেই তেজপাতা ফোরন দিয়ে ম্যারিনেট করা চাল দিয়ে ভালো করে ভাজুন। চাল ভাজা হলে চালের দ্বিগুণ পরিমাণ গরম জল দিন। নুন ও চিনি দিয়ে ঢাকা দিন। জল শুকিয়ে এলে ওপর থেকে ঘি ও ভাজা কাজু-কিসমিস ছড়িয়ে দমে রাখুন ৫-১০ মিনিট। তৈরি আপনার সুগন্ধি বাসন্তী পোলাও।
বনেদি বাড়ির কষা পাঠার মাংস
মশলাদার কষা মাংস ছাড়া বাঙালির উৎসব অসম্পূর্ণ। লালচে রঙের এই মাংসের ঝোল আর নরম তুলতুলে মাংসের স্বাদ হবে একদম অন্যরকম।
উপকরণ: কচি পাঠার মাংস (১ কেজি), পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, টক দই (১০০ গ্রাম), শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে ও ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, সরষের তেল এবং কয়েক টুকরো ডুমো করে কাটা আলু।
প্রণালী: প্রথমে মাংসের সাথে টক দই, হলুদ, সরষের তেল এবং সামান্য নুন মাখিয়ে অন্তত ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। কড়াইতে সরষের তেল গরম করে আলুগুলো লাল করে ভেজে তুলে নিন। ওই তেলেই চিনি (রঙের জন্য) ও গোটা গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ লাল হলে আদা-রসুন বাটা ও বাকি সব গুঁড়ো মশলা দিয়ে কষান যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। অল্প আঁচে সময় নিয়ে কষাতে হবে। মাংস থেকে জল ছাড়লে ভাজা আলুগুলো দিয়ে দিন। শেষে পরিমাণমতো গরম জল দিয়ে প্রেশার কুকারে ৩-৪টি সিটি দিন। ওপর থেকে সামান্য শাহী গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন।
টিপস: বনেদি বাড়ির স্বাদের আসল রহস্য হলো ‘ধৈর্য’। কম আঁচে মাংস কষালে মশলার ফ্লেভার হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছায়। এই বৈশাখের দুপুরে গরম গরম পোলাও আর কষা মাংসের সাথে জমে উঠুক আপনার পারিবারিক আড্ডা। শুভ নববর্ষ!