
রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরের সুইচটা বন্ধ করে দিয়েছেন। কিন্তু দেখলেন, বাল্বটা পুরোপুরি নিভছে না। অন্ধকার ঘরে হালকা আলোয় টিমটিম করছে। কখনও নীলচে, কখনও সাদা বা হলুদ আভাও দেখা যায়। এমন দৃশ্য দেখে অনেকেই ভাবেন, নিশ্চয়ই বাল্ব খারাপ হয়ে গিয়েছে। কারও আবার মনে হতে পারে, এর পিছনে রয়েছে কোনও রহস্যময় কারণ!
আসলে এর পিছনে রয়েছে খুবই সাধারণ বৈদ্যুতিক ঘটনা। বিশেষ করে আধুনিক এলইডি বাল্বের সার্কিট খুব অল্প পরিমাণ বিদ্যুতেও প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই সুইচ বন্ধ করার পরও সামান্য কারেন্ট বা ভোল্টেজ থাকলে বাল্বটি একেবারে অন্ধকার নাও হতে পারে।
সুইচ অফ করার পরও আলো জ্বলে কেন?
এর অন্যতম কারণ হল লিকেজ কারেন্ট বা ক্যাপাসিটিভ কাপলিং। বাড়ির বৈদ্যুতিক তারগুলি অনেক সময় পাশাপাশি দিয়ে যায়। একটি তারে বিদ্যুৎ প্রবাহিত হলে তার পাশের অন্য তারে খুব সামান্য বৈদ্যুতিক প্রভাব তৈরি হতে পারে। এটাকেই সহজ ভাষায় কাপলিং বলা যায়।
এই সামান্য বিদ্যুৎ সাধারণ ফিলামেন্ট বাল্ব জ্বালানোর জন্য যথেষ্ট নয়। কিন্তু এলইডি বাল্বের ইলেকট্রনিক ড্রাইভার খুব সংবেদনশীল হওয়ায় অতি সামান্য কারেন্টেও তার ভিতরের সার্কিটে প্রতিক্রিয়া হতে পারে। তখন বাল্বে হালকা আলো দেখা যায় বা মাঝে মাঝে টিমটিম করতে পারে।
আরও একটি কারণ হতে পারে সুইচ বা ওয়্যারিংয়ের ভুল সংযোগ। সাধারণভাবে সুইচটি ফেজ লাইনে বসানোই সঠিক পদ্ধতি। কিন্তু কোনও বাড়ির ওয়্যারিংয়ে সুইচিং সঠিকভাবে না হলে সুইচ অফ করার পরও বাল্বের সার্কিটে কিছু ভোল্টেজ থেকে যেতে পারে। পুরনো বা ত্রুটিপূর্ণ ওয়্যারিংয়ের ক্ষেত্রেও এমন সমস্যা দেখা দিতে পারে।
কিছু ক্ষেত্রে ইন্ডিকেটর-সহ সুইচ, ডিমার বা স্মার্ট সুইচের সার্কিট থেকেও অল্প পরিমাণ কারেন্ট এলইডি বাল্বের দিকে যেতে পারে। ফলে সুইচ অফ থাকলেও বাল্ব হালকা জ্বলতে পারে।
তাহলে কি বিদ্যুৎ বিল বেশি আসবে?
এই জায়গাতেই সবচেয়ে বেশি চিন্তা করেন বাড়ির সদস্যরা। তবে সাধারণত সুইচ বন্ধ থাকা অবস্থায় এলইডি বাল্বের এ ধরনের মৃদু আলোয় বিদ্যুতের খরচ অত্যন্ত কম। ফলে শুধুমাত্র এই কারণে মাসের শেষে বিদ্যুৎ বিল হু হু করে বেড়ে যাওয়ার আশঙ্কা সাধারণত থাকে না।
তবে বাল্ব যদি খুব উজ্জ্বলভাবে জ্বলতে থাকে, দীর্ঘক্ষণ ফ্লিকার করে, বারবার নিজে থেকে জ্বলে-নেভে অথবা একই সঙ্গে অন্য বৈদ্যুতিক সমস্যাও দেখা দেয়, তাহলে বিষয়টি উপেক্ষা করা উচিত নয়।
কীভাবে এই সমস্যার সমাধান করবেন?
প্রথমেই নিজের হাতে সুইচবোর্ড খুলে তার নাড়াচাড়া করবেন না। কারণ ঘরের বৈদ্যুতিক লাইনে বিপজ্জনক ভোল্টেজ থাকতে পারে।
একজন দক্ষ ইলেকট্রিশিয়ানকে দিয়ে ফেজ-নিউট্রাল সংযোগ, সুইচের ওয়্যারিং, লিকেজ কারেন্ট এবং সুইচের ধরন পরীক্ষা করান। প্রয়োজনে অন্য একটি ভালো মানের এলইডি বাল্ব লাগিয়েও দেখা যেতে পারে। কারণ কখনও কখনও নির্দিষ্ট এলইডি বাল্বের ড্রাইভার সামান্য অবশিষ্ট ভোল্টেজের প্রতি বেশি সংবেদনশীল হয়।
তাই সুইচ বন্ধ করার পর এলইডি বাল্ব হালকা টিমটিম করলেই ভয় পাওয়ার কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে এটি কোনও ভূতুড়ে কাণ্ড নয়, বরং এলইডির সংবেদনশীল সার্কিট এবং ঘরের বৈদ্যুতিক সংযোগের কারণে তৈরি হওয়া একটি বৈদ্যুতিক ঘটনা। তবে আলো যদি অস্বাভাবিকভাবে বেশি হয় বা ওয়্যারিং নিয়ে সন্দেহ থাকে, নিরাপত্তার জন্য অবশ্যই ইলেকট্রিশিয়ানের সাহায্য নিন।