
ফ্রিজে অতিরিক্ত বরফ জমে গেলে খাবার রাখার জায়গা যেমন কমে যায়, তেমনই ফ্রিজের ওপর বাড়তি চাপ পড়ে বিদ্যুতের বিলও বেশি আসে। কিন্তু এই বরফ সরাতে গিয়ে অনেকেই তাড়াহুড়ো করে ভুল পদ্ধতি ব্যবহার করেন। একটু বুদ্ধি খাটালেই কোনও ঝামেলা ছাড়া আর ফ্রিজের কোনও ক্ষতি না করে খুব সহজে এই জমে থাকা বরফ পরিষ্কার করে নেওয়া যায়।

অনেকে বরফ খসাতে ছুরি, কাঁচি বা ধারালো কোনও জিনিস দিয়ে খোঁচাখুঁচি শুরু করেন, যা একদমই করা উচিত নয়। এতে ফ্রিজের ভেতরের প্লাস্টিক বা গ্যাস পাইপ ফুটো হয়ে যেতে পারে। একবার গ্যাসের পাইপ নষ্ট হলে পুরো ফ্রিজটাই অকেজো হয়ে যাবে এবং তা ঠিক করতে অনেক টাকা খরচ হয়ে যাবে।

বরফ তাড়াতাড়ি গলাতে ভেতরে ফুটন্ত গরম জল ঢেলে দেওয়াও চরম ভুল কাজ। অতিরিক্ত গরমে ফ্রিজের প্লাস্টিকের বডি বা ট্রে ফেটে যেতে পারে এবং দরজার রাবার নষ্ট হয়ে যায়। দরজার রাবার ঢিলে হয়ে গেলে বাইরের গরম হাওয়া ভেতরে ঢুকে খুব দ্রুত আবার বরফ জমিয়ে ফেলে।

বরফ সরানোর সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হলো ফ্যান এবং হালকা গরম জলের ভাপ ব্যবহার করা। এই পদ্ধতিতে প্লাস্টিক বা ফ্রিজের কোনও ক্ষতি ছাড়াই বরফ আলগা হয়ে যায়। এরপর শক্ত কিছু ছাড়াই সাধারণ প্লাস্টিকের চামচ বা স্প্যাচুলা দিয়ে হালকা ধাক্কা দিলেই বরফ খসে পড়ে।

কাজ শুরু করার আগে ফ্রিজের সুইচ বন্ধ করে প্লাগটি খুলে নিন এবং ভেতরের সব খাবার সরিয়ে রাখুন। ফ্রিজের নিচের অংশে একটি তোয়ালে পেতে দিন যাতে বরফ গলে জল মেঝেতে না ছড়ায়। এবার একটি বাটিতে হালকা গরম জল নিয়ে ফ্রিজের ভেতর রেখে ১০ মিনিটের জন্য দরজা বন্ধ করে দিন।

১০ মিনিট পর দরজা খুলে একটি ফ্যান ফ্রিজের ভেতরের দিকে চালিয়ে দিন। ঘরের স্বাভাবিক হাওয়া ভেতরে ঢুকলে বরফ খুব দ্রুত গলতে শুরু করবে। এরপর একটি প্লাস্টিকের চামচ দিয়ে হালকা হাতে নরম হয়ে যাওয়া বরফগুলো তুলে ফেলুন, দেখবেন সব বরফ এক ঘণ্টাও লাগবে না পরিষ্কার হয়ে যাবে।

ফ্রিজের বরফ নিয়মিত পরিষ্কার রাখা খুব জরুরি, কারণ বরফ বেশি জমে গেলে ফ্রিজ ঠিকমতো ঠান্ডা হতে পারে না। নিয়মিত পরিষ্কার করলে ফ্রিজের কমপ্রেসরের ওপর বাড়তি চাপ পড়ে না এবং যন্ত্রটি অনেক দিন ভালো থাকে। একই সঙ্গে ফ্রিজ কম বিদ্যুৎ টেনে আপনার মাসের খরচ অনেকটাই কমিয়ে দেয়।

মাসে অন্তত একবার এই সহজ উপায়ে ফ্রিজ পরিষ্কার করে নিলে বরফ কখনও খুব বেশি শক্ত হতে পারবে না। কাজ শেষে পরিষ্কার শুকনো কাপড়ে ফ্রিজের ভেতরটা ভালো করে মুছে নিন। কোনও রকম ছুরি বা ফোটানো জল ছাড়াই আপনার ফ্রিজ থাকবে একবারে নতুন আর ঝকঝকে।