
আন্তর্জাতিক যোগ দিবসে যোগ দিতে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শুধু যোগ দিবসে অংশগ্রহণ নয়, আজ কলকাতার বুকে প্রধানমন্ত্রীর হাত ধরে লেখা হল নতুন ইতিহাস।

কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকেই দেশের নৌসেনার হাতে তিনটি নতুন যুদ্ধজাহাজ তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই যুদ্ধজাহাজগুলি।

নৌসেনায় যে তিনটি নতুন জাহাজ যোগ হল, সেগুলি হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় ও আইএনএস সংশোধক। এই তিনটি জাহাজেরই কিন্তু বিশেষত্ব রয়েছে আলাদা আলাদা।

নৌসেনা জানিয়েছে, এই তিনটি যুদ্ধজাহাজ শুধুমাত্র জলপথে লড়াই করতেই নয়, ডুবোজাহাজ বা সাবমেরিন প্রতিরোধ ও হাইড্রোগ্রাফিক জরিপের মতো কাজেও সাহায্য করবে।

আইএনএস দুনাগিরি হল প্রজেক্ট ১৭এ-এর পঞ্চম ফ্রিগেট এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) দ্বারা নির্মিত এই শ্রেণির দ্বিতীয় জাহাজ। এটি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল ছুড়তে সক্ষম। এছাড়া মাটি থেকে আকাশে মিসাইল ছুড়তেও সক্ষম।

অন্যদিকে 'আইএনএস অগ্রয়'-রও বিশেষ ক্ষমতা আছে। এতে টর্পেডো আছে। সাবমেরিন ধ্বংস করতে সক্ষম রকেট লঞ্চারও রয়েছে। অগভীর উপকূলেও সাবমেরিন খুঁজে বের করতে সক্ষম।

আইএনএস সংশোধক আবার জরিপ করতে বিশেষ সাহায্য করবে ভারতীয় নৌসেনাকে। জাহাজটির ওজন প্রায় ৩,৩০০ টন। এতে স্বয়ংক্রিয় ডুবোযান (AUV), দূরনিয়ন্ত্রিত যান (ROV) রয়েছে। সমুদ্রতলের নীচে মানচিত্র তৈরি ও দিকনির্দেশক চার্ট তৈরিতে সাহায্য করবে এই কাজ।