
বঙ্গে ভোটপ্রচারে কলকাতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। একাধিক প্রচারসভা রয়েছে। তবে তার মাঝেই গঙ্গাবক্ষে সময় কাটালেন তিনি। প্রিন্সেপ ঘাট, আউটরাম ঘাটে ভ্রমণ করেন।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। ছবিতে দেখা গেল, ক্যামেরা হাতে নিয়ে নৌকায় বসে রয়েছেন মোদী। চোখে সানগ্লাস। চোখে-মুখে মুগ্ধতা লেগে রয়েছে। পিছনে বিদ্যাসাগর সেতু ও হাওড়া ব্রিজ।

নৌকাবিহারের মাঝেই ক্যামেরায় ছবিও তোলেন। কলকাতার সৌন্দর্য্যকে ক্যামেরাবন্দী করেন। এখানেই শেষ নয়। তাঁকে জনসংযোগ করতেও দেখা যায়। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি।

মাঝিদের সঙ্গেও কথা বলেন তিনি। মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, মাঝিদের পরিশ্রমের কোনও তুলনা হয় না। ঘাটে সাধারণ মানুষের সঙ্গে ছবি তোলেন।

ছবি গুলো পোস্ট করে মোদী ক্যাপশনে লেখেন, "প্রত্যেক বাঙালির মনে গঙ্গার একটি বিশেষ স্থান রয়েছে। বলা যায়,বাংলার আত্মার মধ্য দিয়ে প্রবাহিত হয় গঙ্গা। আজ সকালে কলকাতায় মা গঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ পেলাম। আমি হুগলি নদীর তীরে কিছু সময় কাটালাম।"

জনসংযোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও লেখেন, ""মাঝিদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। তাঁদের পরিশ্রমের কোনও তুলনা হয় না।"

পশ্চিমবঙ্গের উন্নয়নের কথাও তুলে ধরেন ক্যাপশনে। প্রধানমন্ত্রী মোদী লেখেন, "বাংলার জন্য, বাংলার জনগণের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

দ্বিতীয় দফার ভোটের আর বেশিদিন বাকি নেই। ভোটবঙ্গে প্রায় প্রতিদিনই প্রচার কর্মসূচি থাকছে মোদীর। গতকালও জনসভা ছিল তাঁর। আজও বঙ্গের দুই জায়গায় প্রচারসভা রয়েছে। সভা করবেন পানিহাটি ও বারুইপুরে।