
এল নিনো আসছে ভারতে। প্রতিটি প্রান্তেই বাড়ছে তাপমাত্রা। আর যত গরম পড়ছে, ততই এয়ার কন্ডিশনার বা এসির ব্যবহার বাড়ছে। ইতিমধ্যেই দেশের অনেক প্রান্তে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার করেছে।

এসি মারাত্মক গরম থেকে সাময়িকভাবে স্বস্তি দিলেও, এর চাপ পড়ে পকেটে। চড়া বিল আসে এসি চালালে। সেই জন্য অনেকে চরম গরমেও এসি চালাতে দ্বিধা বোধ করেন। তবে এসির এমন ট্রিকও আছে, যাতে কম বিল আসে।

অধিকাংশ এয়ার কন্ডিশনারেই বর্তমানে স্মার্ট মোড থাকে। রয়েছে এনার্জি সেভিং ফিচারও। এসির রিমোট কন্ট্রোল দিয়ে পাওয়ার কনজামশন বা বিদ্যুতের খরচ অনেকটাই কমে যায়।

ড্রাই মোড- এসির বিল কমাতে ড্রাই মোড ব্যবহার করুন। যখন বাতাসে আর্দ্রতা বেশি থাকে, যেমন যখন বৃষ্টি হয়, তখন এই মোড ব্যবহার করা উচিত। এতে হঠাৎ করে তাপমাত্রা কমার বদলে, বাতাস থেকে অতিরিক্ত আর্দ্রতা টেনে নেওয়া হয়। এই মোডে এসির কম্প্রেসারে কম চাপ পড়ে।

টার্বো মোড কম ব্যবহার- ঘর দ্রুত ঠান্ডা করতে অনেকেই টার্বো মোড ব্যবহার করেন। তবে এতে কম্প্রেসারেও চাপ পড়ে অনেক বেশি। বিদ্যুৎ খরচ হয় অনেক।

ফ্যানের ব্যবহার-অনেকে মনে করেন যে এসি চালালে তখন ফ্যানের স্পিড কমিয়ে দিতে হয়। তাহলে বিদ্যুৎ কম খরচ হয়। তবে এটা ভুল ধারণা। ফ্যানে খুব কম বিদ্যুৎ খরচ হয়। যদি এসি চালিয়ে, ফ্যানও ফুল স্পিডে চালিয়ে রাখা হয়, তাহলে বরং ঘর দ্রুত ঠান্ডা হয়। এতে কম সময় এসি চালাতে হয়।

এছাড়া এসি চালানোর সময় দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা উচিত। বাতাসের গতি বজায় রাখার জন্য নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করা উচিত।

দীর্ঘক্ষণ এসি চললে, তার তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রিতে রাখা উচিত। ঘর থেকে বেরলে, আগেই এসি বন্ধ করে দিন। এতে বিদ্যুৎ অনেকটা বাঁচবে।