
খালি চোখে যা দেখা যায় না, ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটুইশন (Intuition) দিয়ে নাকি অনেকেই তা আগে থেকে টের পেয়ে যান। চারপাশের চেনা মানুষের ভিড়েই লুকিয়ে থাকেন এমন কিছু ব্যক্তি, যাঁদের পর্যালোচনার ক্ষমতা এতটাই নিখুঁত যে, আগামী দিনে কী ঘটতে চলেছে তা তাঁরা অনায়াসে আন্দাজ করতে পারেন। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, সব মানুষের এই ক্ষমতা থাকে না। তবে বিশেষ ৬টি রাশির জাতক-জাতিকাদের মধ্যে এই ‘ভবিষ্যদ্বাণী’ করার এক অদ্ভুত সহজাত ক্ষমতা লুকিয়ে রয়েছে। তাঁদের মনের এই জোর বা আগাম আভাস পাওয়ার ক্ষমতা অনেক সময়ই মিলে যায় বাস্তবের সঙ্গে।
জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ গবেষণা বা রাশিগত চার্ট বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রহ-নক্ষত্রের অবস্থানগত কারণেই এই নির্দিষ্ট রাশির ব্যক্তিরা অন্যদের চেয়ে আলাদা হন। চোখ কান খোলা রেখে চলা এবং চারপাশের পরিস্থিতিকে গভীরভাবে বোঝার ক্ষমতা এদের বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রাখে। আসুন দেখে নেওয়া যাক, শাস্ত্র মতে কোন কোন রাশির মধ্যে লুকিয়ে রয়েছে এই আশ্চর্য ক্ষমতা।
কর্কট রাশি (Cancer)
আবেগপ্রবণ হিসেবে কর্কট রাশির জাতক-জাতিকাদের বেশ নামডাক রয়েছে। তবে এই আবেগই কিন্তু তাঁদের সবচেয়ে বড় শক্তি। নিজের মনকে সুরক্ষিত রাখতে এরা সবসময় চারপাশের পরিবেশ নিয়ে অত্যন্ত সজাগ থাকেন। কোনও পরিস্থিতি বা ঘটনা কোন দিকে মোড় নিতে পারে, তা এদের ষষ্ঠ ইন্দ্রিয় আগেভাগেই জানিয়ে দেয়। বেশির ভাগ সময়ই দেখা যায়, এদের সেই অনুমান অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।
কন্যা রাশি (Virgo)
কন্যা রাশির মানুষেরা সব কিছু খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে ভালোবাসেন। যে বিষয়গুলো সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়, তা খুব সহজেই কন্যা রাশির জাতক-জাতিকাদের নজরে চলে আসে। এই প্রখর পর্যবেক্ষণ ক্ষমতাই তাঁদের ভবিষ্যৎ আঁচ করার শক্তি জোগায়। তাই কোনও বিপদ বা বড় পরিবর্তন আসার আগেই এরা সতর্ক হয়ে যান।
বৃশ্চিক রাশি (Scorpio)
বাইরে থেকে শান্ত মনে হলেও বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অত্যন্ত ধূর্ত ও চতুর প্রকৃতির হন। এরা মুখে কিছু প্রকাশ না করলেও, মনে মনে সবটাই বুঝতে পারেন। কোনও বিষয়ের একদম গভীরে গিয়ে চিন্তা করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এদের মধ্যে। অযথা ভাবনাচিন্তা না করে, কাজের জায়গায় ফোকাস রাখতেই এরা ভালোবাসেন। ফলে আগামী দিনের পরিস্থিতি কেমন হতে পারে, তা এরা সহজেই ধরে ফেলেন।
ধনু রাশি (Sagittarius)
রোমাঞ্চপ্রিয় ও স্বাধীনচেতা ধনু রাশির মানুষেরা সবসময় নিজের মনের কথা শুনে চলতে পছন্দ করেন। স্বভাবগতভাবে কিছুটা ভবঘুরে হওয়ায় অনেকে হয়তো এদের কথা প্রথম দিকে গুরুত্ব দিতে চান না। কিন্তু পরবর্তীতে দেখা যায়, সবাইকে চমকে দিয়ে ধনু রাশির জাতকদের ভাবনাই একেবারে সঠিক প্রমাণিত হয়েছে। এদের মন সাধারণত কখনোই ভুল পথে চালনা করে না।
কুম্ভ রাশি (Aquarius)
অন্যদের চেয়ে অনেক বেশি প্রগতিশীল এবং দূরদর্শী হন কুম্ভ রাশির জাতক-জাতিকারা। সমাজে বা চেনাশোনা মহলে কী পরিবর্তন আসতে চলেছে, তা বাকিদের আগে কুম্ভ রাশির ব্যক্তিরাই বুঝতে পারেন। হয়তো প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে মিলবে না, তবে এদের অনুমানের মূল ভাবনাটি কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই মিলে যায়।
মীন রাশি (Pisces)
বাস্তব জগতের চেয়ে মীন রাশির জাতক-জাতিকারা কল্পনার দুনিয়ায় থাকতেই বেশি ভালোবাসেন। অনেকেই হয়তো এদের খামখেয়ালি বা ভাবুক বলে মনে করেন, কিন্তু আসলে এদের আধ্যাত্মিক ও মানসিক সংযোগ অত্যন্ত তীব্র হয়। বাস্তব বুদ্ধি কিছুটা কম থাকলেও, আগামী সময়ে কী ঘটতে চলেছে, তা মীন রাশির মানুষেরা আগে থেকেই টের পেয়ে যান।