AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শ্রাবণ শুরুর আগেই বৈদ্যনাথ ধামে কড়া নিয়ম, কী কী নিষেধ হল মন্দিরে?

এবার আসন্ন ‘রাজকীয় শ্রাবণী মেলা ২০২৬’ শুরুর আগেই মন্দির প্রশাসন ও জেলা প্রশাসন যৌথভাবে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে, ধর্মীয় আবেগ রক্ষা এবং ভিড় নিয়ন্ত্রণ (Crowd Management)-এর স্বার্থে এবার মন্দিরের গর্ভগৃহের ভেতরে মোবাইল ফোনের ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হল।

শ্রাবণ শুরুর আগেই বৈদ্যনাথ ধামে কড়া নিয়ম, কী কী নিষেধ হল মন্দিরে?
| Updated on: Jul 04, 2026 | 1:51 PM
Share

ঝাড়খণ্ডের পবিত্র নগরী দেওঘরে অবস্থিত দ্বাদশ জ্যোতিলিঙ্কের অন্যতম পুণ্যতীর্থ বাবা বৈদ্যনাথ ধাম। প্রতি বছর শ্রাবণ মাসে এখানে লাখ লাখ ভক্তের সমাগম হয়। তবে এবার আসন্ন ‘রাজকীয় শ্রাবণী মেলা ২০২৬’ শুরুর আগেই মন্দির প্রশাসন ও জেলা প্রশাসন যৌথভাবে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে, ধর্মীয় আবেগ রক্ষা এবং ভিড় নিয়ন্ত্রণ (Crowd Management)-এর স্বার্থে এবার মন্দিরের গর্ভগৃহের ভেতরে মোবাইল ফোনের ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হল।

দেওঘর জেলা শাসক (DC) সৌরভ কুমার ভুয়ানিয়ার সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে পুরোহিত সমাজ এবং পণ্ডা ধর্মরক্ষিণী সভার কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দুটি বিষয়ের ওপর জোর দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

১. এতদিন গর্ভগৃহে মোবাইল নিয়ে ঢোকার ছাড়পত্র থাকায় অনেক পুণ্যার্থীই শিবলিঙ্গে পুজো দেওয়ার চেয়ে সেখানে ছবি তোলা, ভিডিও করা বা সোশ্যাল মিডিয়ার জন্য ‘রিল’ বানাতে ব্যস্ত হয়ে পড়তেন। এর ফলে লাইনে দাঁড়িয়ে থাকা অন্য ভক্তদের অযথা সময় নষ্ট হতো এবং গর্ভগৃহের ভেতরের শৃঙ্খলা ভেঙে পড়ত। ২.বিশ্ববিখ্যাত মন্দির হওয়ায় বৈদ্যনাথ ধামের নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। গর্ভগৃহের মতো অত্যন্ত সংবেদনশীল জায়গার ভেতরের ছবি ও ভিডিও বাইরে চলে যাওয়া নিরাপত্তার খাতিরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই কথা মাথায় রেখেই এই কঠোর পদক্ষেপ।

এতদিন পর্যন্ত শুধুমাত্র শ্রাবণ মাসে মাত্রাতিরিক্ত ভিড় সামলাতে মন্দির চত্বরে ‘বাহ্য অর্ঘ্য’ (বাইরে থেকে জল ঢালার পাত্র, যা পাইপের মাধ্যমে সরাসরি মূল জ্যোতির্লিঙ্গে পৌঁছয়) স্থাপন করা হত। তবে ভক্তদের ক্রমবর্ধমান ভিড় বিবেচনা করে এবার থেকে এটি বছরের ১২ মাসই চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সাধারণ ভক্তরা যাতে সহজে ও নিরাপদে জল অর্পণ করতে পারেন, তার জন্য মন্দির চত্বরে একটি নতুন ‘ফুট ওভার ব্রিজ’ তৈরি করা হবে।

শ্রাবণ মাসে দেশ-বিদেশের লাখ লাখ কাঁওড়িয়া সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে বাবা ধামে আসেন। এই বিপুল ভিড় সামলাতে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথ রণকৌশল তৈরি করেছে। সাধারণ ভক্তদের যাতে কোনও হয়রানি না পোহাতে হয়, তার জন্য ‘শীঘ্র দর্শনম’ (পেইড কুপন ব্যবস্থা) এবং ভিআইপি (VIP) পুজোর ক্ষেত্রে কড়া নিয়মবিধি কার্যকর করা হবে।

জেলা শাসক সৌরভ কুমার ভুয়ানিয়া রেল এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন। দেওঘর এবং তার আশেপাশের সমস্ত প্রধান রেল স্টেশনগুলোতে অতিরিক্ত সুরক্ষাবাহিনী মোতায়েন করা হবে, যাতে হুড়োহুড়ি বা পদপিষ্ট হওয়ার মতো কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে মেলা প্রাঙ্গণ এবং রেল স্টেশনগুলোর প্রতিটি গতিবিধির ওপর ২৪ ঘণ্টা সিসিটিভি (CCTV) ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে রেল স্টেশনগুলোতে টিকিট কাউন্টারের সংখ্যাও বাড়ানো হচ্ছে। প্রশাসনের এই মেগা বৈঠক থেকে স্পষ্ট যে, এবারের শ্রাবণী মেলাকে পুরোপুরি হাই-টেক, নিরাপদ এবং সুগম করতে কোমর বেঁধে নেমেছে দেওঘর প্রশাসন।

Follow Us