
শুক্রের নক্ষত্র পরিবর্তন (Venus Transit) জ্যোতিষশাস্ত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে যখন প্রেম, সৌন্দর্য ও ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র তার অবস্থান বদল করে, তখন তার প্রভাব সরাসরি এসে পড়ে মানুষের জীবন ও পকেটে। গত ১৯ ও ২০ মে-এর মধ্যরাতে, ঠিক ১২টা ৩৭ মিনিটে শুক্রদেব নিজের নক্ষত্র বদলে প্রবেশ করেছেন আর্দ্রা নক্ষত্রে। আগামী ৩১ মে পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবেন তিনি। হিন্দু শাস্ত্রে ২০ মে দিনটি এমনিতেই অত্যন্ত পবিত্র, কারণ এই দিন পালিত হয়েছে পুরুষোত্তম মাস বা অধিকমাসের প্রথম চতুর্থী—যা ‘বরদা চতুর্থী’ নামে পরিচিত। এই বিশেষ তিথিতে শুক্রের এই ভোলবদল এই পাঁচ রাশির জাতক জাতিকাদের ভাগ্য একেবারে ঘুরিয়ে দিতে চলেছে। দেখে নেওয়া যাক এই তালিকায় কারা রয়েছেন।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা দারুণ ইতিবাচক। আপনার জীবনে নানা শুভ পরিবর্তন আসতে চলেছে এই কদিনে। সবচেয়ে বড় চমক মিলবে আর্থিক দিক থেকে। কোনও গোপন বা অপ্রত্যাশিত উৎস থেকে হঠাৎ মোটা টাকা আসতে পারে আপনার হাতে। এমনকী, দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকাও এই সময়ে ফেরত পেয়ে যেতে পারেন। সব মিলিয়ে আর্থিক টানাটানি কেটে গিয়ে একটা বড় অঙ্কের সঞ্চয় হওয়ার যোগ রয়েছে। পারিবারিক জীবনেও অশান্তি দূর হয়ে সুখ-সমৃদ্ধি ফিরবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জীবনে এখন শুধু বসন্ত। রোম্যান্স ডানা মেলবে এই সময়ে, জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবনে এক অনাবিল সুখের পরিবেশ তৈরি হবে। কর্মক্ষেত্রেও উন্নতির চমৎকার যোগ রয়েছে। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি বা অর্ডার পেয়ে চমকে দিতে পারেন। আর যারা এখনও সিঙ্গল, তাদের জীবনে কিন্তু মনমতো সঙ্গীর আগমন ঘটতে পারে খুব শীঘ্রই।
সিংহ রাশি
শুক্রের এই অবস্থান পরিবর্তন সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। কর্মজীবনে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যারা রাজনীতির ময়দানে যুক্ত, তাদের সামাজিক মান-সম্মান ও পসার একধাক্কায় অনেকটা বেড়ে যাবে। আয়ের নতুন পথ খুলবে। প্রেম জীবনেও নতুন গতি আসবে, ভালোবাসার সম্পর্ক আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি সেরা সময়।
তুলা রাশি
বরদা চতুর্থীর পুণ্যলগ্নে শুক্রের এই গোচর তুলা রাশির জাতকদের সমস্ত মানসিক ও আর্থিক কষ্ট দূর করতে চলেছে। আপনার ব্যক্তিত্ব ও সৌন্দর্যের আকর্ষণ একলাফে অনেকটাই বেড়ে যাবে, যা কর্মক্ষেত্রে বা সামাজিকভাবে আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে চিনিয়ে দেবে। প্রেমের সম্পর্ক আরও গভীর হবে, এমনকি তা বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে পারে। বিবাহিত জীবনেও ভালোবাসার উষ্ণতা বজায় থাকবে।
মীন রাশি
মীন রাশির জন্য মে মাসের শেষভাগ অত্যন্ত মঙ্গলজনক হতে চলেছে। আর্থিক অবস্থার একটা বড়সড় ভোলবদল ঘটবে। কমে যাবে অতিরিক্ত খরচের হাত, যার ফলে আপনার ব্যাংক ব্যালেন্স একলাফে অনেকটা বেড়ে যাবে। স্বামী-স্ত্রীর মধ্যে যদি কোনও পুরনো ভুল বোঝাবুঝি বা মতপার্থক্য থেকে থাকে, তবে তা এই সময়ে মিটে যাবে এবং প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে।