Mohammedan SC: ‘সঙ্কটমোচন’ নওশাদ, চিঠি পাঠিয়ে বড় পদক্ষেপ নিল ক্লাব কর্তৃপক্ষ!

Mohammedan SC: এই মুহূর্তে আদৌ আইএসএল হবে কিনা, কোনও নিশ্চয়তা নেই। তার সবথেকে বড় কারণ জিনিয়াস স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে রাজি নয় কোনও আইএসএল ক্লাবগুলি। দিন কয়েক আগেই দলের ইনভেস্টর সম্পর্কে কথা বলেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবার তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে আজ চিঠি পাঠাল মহমেডান ক্লাব কর্তৃপক্ষ।

Mohammedan SC: সঙ্কটমোচন নওশাদ, চিঠি পাঠিয়ে বড় পদক্ষেপ নিল ক্লাব কর্তৃপক্ষ!
Mohammedan Sporting Club Chairman Writes to Nawshad Siddiqui Over Potential 100-Crore Investment.Image Credit source: Indian Super League official website, instagram/@eastbengalfootballclub

| Edited By: Moumita Das

May 23, 2026 | 6:51 PM

কলকাতা : সদ্যই এসেছে দুঃসংবাদ। খারাপ ফর্মের কারণে আইএসএল (ISL 2026) থেকে অবনমন ঘটে গিয়েছে মহমেডান এফসির (Mohammedan SC)। ক্লাবে নেই কোনও ইনভেস্টর। প্লেয়ারদের বেতন বাকি বেশ কয়েক মাসের। আইএসএল চলাকালীন গোটা দল প্র্যাকটিসে নামতেও অস্বীকার করেছিল। মাঠে এসেও প্র্যাকটিস করতে পারেননি কোচ মেহরাজউদ্দিন ওয়াডু (Mehrazuddin Wadoo)। আপাতত শেষ হয়েছে আইএসএল এর সিজন। তবে সম্প্রতি শোনা গিয়েছে, এই দলের সঙ্গে নাম জড়াতে পারে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui)। দিন কয়েক আগেই দলের ইনভেস্টর সম্পর্কে কথা বলেছিলেন তিনি। এবার তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে আজ চিঠি পাঠাল মহমেডান ক্লাব কর্তৃপক্ষ।

কেন নওশাদের নাম জড়িয়েছে?

 

সংবাদমাধ্যমের সামনে মহমেডান এফসির কর্তাদের নাম তোপ দেগেছিলেন নওশাদ। বলেছিলেন, “যে কর্মকর্তারা রয়েছে, তারা থাকলে দলের কোনও উন্নতি হবে না। তারা সব লুটে খেয়েছে। খেলোয়াড়দের টাকা দেয়নি, খাবার দেয়নি , আবার তারাই মসনদে বসবে কেন? মহমেডান নিয়ে আশ্বাসও দিয়েছিলেন নওশাদ। তাঁর নিজের কাছেই বড় অঙ্কের ইনভেস্টর আছে বলে জানিয়েছিলেন ভাইজান। তাঁর কথায়,“খেলার প্রতি আমার একটা টান আছে। যদি কেউ সত্যি সত্যিই ক্লাবকে ঠিক করে চালাতে চান, তাহলে খেলোয়াড়দের স্বার্থে, ক্লাবের স্বার্থে আমি ৫০ থেকে ১০০ কোটি টাকার ইনভেস্টর জোগাড় করে দেব। আমি আজ বললে আগামীকাল ইনভেস্টর চলে আসবে। তেমন হলে আমি ৫০-১০০ কোটি টাকা মহমেডান ক্লাবে বিনিয়োগ করাতে পারি ক্লাবের জন্য। সেই পরিচিতি আমার আছে। তবে এই টাকার সম্পূর্ণটাই খরচ হবে ফুটবলের স্বার্থে, ফুটবলারদের স্বার্থে। একটা পয়সাও চুরি করতে দেব না।”

তাই ক্লাবের এই সঙ্কট কাটাতে নওশাদ সিদ্দিকীর কাছে সাহায্যপ্রার্থনা করলেন ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের চেয়ারম্যান মুস্তাক আহমেদ নওশাদকে পাঠানো চিঠিতে লিখেছেন, “আপনি উল্লেখ করেছিলেন আপনি ক্লাবের স্বার্থে ইনভেস্টর জোগাড় করে দিতে রাজি তাই আমরা এই ইনভেস্টরকে নিয়ে আপনার চিন্তা-ভাবনা, পরিকল্পনা ও ক্লাবের উন্নয়ন -সবকিছুর সম্পর্কে জানতে আগ্রহী। আমাদের কমিটির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও আমরা ক্লাবের জন্য একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। ভারতের অন্যতম ঐতিহাসিক ফুটবল প্রতিষ্ঠানের প্রতি আপনার এই আগ্রহ দেখে আমাদের ট্রাস্টি বোর্ড, সদস্য ও সমর্থকরা উৎসাহী ও আশাবাদী।”

এই মুহূর্তে আদৌ আইএসএল হবে কিনা, কোনও নিশ্চয়তা নেই। তার সবথেকে বড় কারণ জিনিয়াস স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে রাজি নয় কোনও আইএসএল ক্লাবগুলি। তার মধ্যে মহমেডান স্পোর্টিং ক্লাব আইএসএল থেকে ইন্ডিয়ান ফুটবল লিগে (সাবেকি আই লিগ) অবনমিত হয়ে যাওয়ার ফলে আদৌ কি কোনও ইনভেস্টর ৫০ থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে রাজি হবে, সেই দিকেই এখন নজর থাকবে ময়দানের ক্রীড়াপ্রেমীদের।

Follow Us