CWG 2026: কমনওয়েলথের শেষে উধাও পাক বক্সার, চাঞ্চল্য পাক ক্রীড়ামহলে!

Qudrat Ullah: ২০২২ সালের বার্মিংহ্যামেও দুই পাক বক্সার নিখোঁজ হয়ে যান। তাঁদের পাসপোর্টও দলের ম্যানেজারের কাছে ছিল। এবারেও আবার এক ঘটনা। উল্লেখ্য, ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের পর প্রায় ১৯০ জন ক্রীড়াবিদ অস্ট্রেলিয়া ছাড়তে চাননি।

CWG 2026: কমনওয়েলথের শেষে উধাও পাক বক্সার, চাঞ্চল্য পাক ক্রীড়ামহলে!
পাক বক্সার কুদরতউল্লাহ!Image Credit source: Instagram/@Qudrat Ullah

| Edited By: Moumita Das

Aug 05, 2026 | 11:45 AM

গ্লাসগো : সদ্যই শেষ হয়েছে কমনওয়েলথ গেমস। গোটা প্রতিযোগিতায় লজ্জাজনক পারফরম্যান্স করেছে পাকিস্তান। মাত্র ১টি ব্রোঞ্জ পদক পেয়েছেন ২২ বছর বয়সী পাক বক্সার ফতিমা জাহরা। কিন্তু এর মধ্যেই একটি বড় বিতর্কের খবর সামনে এসেছে। গ্লাসগোতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পর নাকি দল থেকে উধাও হয়ে গিয়েছেন কুদরতউল্লাহ নামে একজন পাক অ্যাথলিট। তিনি কোথায় গিয়েছেন, তাঁর সঙ্গে কে আছে, আদৌ তাঁকে কিডন্যাপ করা হয়েছে কিনা – কোনও কিছুই জানা যায়নি। এর ফলে চরম উদ্বেগে রয়েছে পাক প্রশাসন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড পুলিশ।

মঙ্গলবার পুলিশ স্কটল্যান্ডের এক মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন দেশের বেশ কিছু ক্রীড়াবিদ হুট্ করে নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁরা তাঁদের দলের সঙ্গে দেশে ফেরেননি। কী পরিস্থিতিতে তাঁরা নিখোঁজ হয়েছেন, এই বিষয়ে খোঁজ চালানো হচ্ছে। উগান্ডার সংবাদমাধ্যমও জানিয়েছে, তাদের দেশে ৬ জন বক্সারের মধ্যে ৪ জন দেশে ফেরেননি। সেই ৪ জনের মধ্যে থেকে একজনের দাবি, তাঁরা স্কটল্যান্ডে রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম চাইবেন। কারণ, এখানে সব কিছু উন্নত তাই ভাল ভবিষ্যতের আশায় এই সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা।

সূত্রের খবর, বক্সার কুদরতউল্লাহ দলের সঙ্গে দেশে ফেরেননি। পিওএ-র ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, গ্লাসগোতে নিজের প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই তিনি নিখোঁজ হয়ে যান। কিন্তু আশ্চর্যের বিষয়, তাঁর পাসপোর্ট নাকি দলের ম্যানেজারের কাছেই ছিল। ফলে পাসপোর্ট ছাড়াই তিনি কিভাবে অদৃশ্য হলেন, তা নিয়ে ধন্দে কর্তারা। যদিও পাকিস্তানের সঙ্গে এই ঘটনা নতুন নয়। ২০২২ সালের বার্মিংহ্যামেও দুই পাক বক্সার নিখোঁজ হয়ে যান। তাঁদের পাসপোর্টও দলের ম্যানেজারের কাছে ছিল। এবারেও আবার এক ঘটনা। উল্লেখ্য, ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের পর প্রায় ১৯০ জন ক্রীড়াবিদ অস্ট্রেলিয়া ছাড়তে চাননি। উন্নত ভবিষ্যতের আশায় তাঁরাও অস্ট্রেলিয়াতে থাকতে চেয়েছিলেন। আবার এই এক ঘটনা ঘটার ফলে উদ্বেগ আন্তর্জাতিক ক্রীড়া মহলে।

Loading...
Unable to load recommendations.
Follow Us