IPL 2022: জাড্ডুই নেতৃত্বের দাবিদার ছিল, কে বলছেন এমন কথা?

আইপিএলে যে কয়েক জন 'বুড়ো' সাফল্যের সঙ্গে খেলছেন, ক্যারিবিয়ান ক্রিকেটার তাঁদের মধ্যে অন্যতম।

IPL 2022: জাড্ডুই নেতৃত্বের দাবিদার ছিল, কে বলছেন এমন কথা?
রবীন্দ্র জাডেজা। ছবি: টুইটার

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 26, 2022 | 12:19 PM

মুম্বই: আইপিএল (IPL) বড় কঠিন ঠাঁই। কে যে কখন রাজত্ব করবে, কেউ জানে না। লিগ টেবলের তলায় নেমে যাওয়া কোনও টিমকে নিয়ে হয়তো হতাশ হচ্ছে তার ভক্তরা, সেই টিমেরই হতে পারে আচমকা উত্থান। হয়তো সব হিসেব উল্টে দিয়ে চ্যাম্পিয়নই হয়ে গেল তারা। চার-ছক্কার দুনিয়া এমনই অনিশ্চয়তায় ভরা। আইপিএলে সাফল্যের কোনও নির্দিষ্ট থিওরি নেই। যে কোনও সময় ঘেঁটে যেতে পারে যাবতীয় অঙ্ক। আর তাই গত মরসুমে কোনও টিম চ্যাম্পিয়ন হলেও জোর গলায় তারা বলতে পারে না, এ বারও খেতাব ধরে রাখার জন্য নামবে লড়াইয়ে। ঠিক যেমন বলতে পারছেন না ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)। শনিবার সন্ধেয় শুরু হচ্ছে আইপিএল। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজি লিগে হাতে গোনা কয়েক জন রাজত্ব করেন। ব্র্যাভো যেমন। ব্যাটে-বলে ক্যারিশমা দেখাতে ওস্তাদ। সেই তিনিই এ বারও চেন্নাই সুপার কিংসের ভরসা। আইপিএলে যে কয়েক জন ‘বুড়ো’ সাফল্যের সঙ্গে খেলছেন, ক্যারিবিয়ান ক্রিকেটার তাঁদের মধ্যে অন্যতম। সেই ব্র্যাভোর কিন্তু মনে হচ্ছে, আইপিএল ১৫ একেবারেই সহজ হবে না। বরং চ্যালেঞ্জ আরও বাড়বে।

মহেন্দ্র সিং ধোনি আর ক্যাপ্টেন্সি করছেন না সিএসকের। রবীন্দ্র জাডেজার (Ravinder Jadeja) হাতে তুলে দিয়েছেন অধিনায়কত্ব। সেই জাডেজাকে নিয়ে ব্র্যাভো বলছেন, ‘জাড্ডুর জন্য আমি খুব খুশি। ও কেরিয়ারের তুঙ্গে আছে। শুধু আমি নই, টিমের সবাই ওর জন্য খুশি। সত্যি বলতে কী, ওরই অধিনায়ক হওয়া উচিত ছিল। টিমের জন্য সত্যিই উজ্জ্বল বিকল্প ও। আমরা পুরো টিম ওকে ১০০ শতাংশ সাপোর্ট করব। যাতে সফল অধিনায়ক হিসেবে ও ছাপ রেখে যেতে পারে।’

বিশ্ব টি-টোয়েন্টিতে ৫২২ ম্যাচ খেলে ৫৭১টা উইকেট নিয়েছেন ব্র্যাভো। এমন অবিশ্বাস্য রেকর্ড যাঁর, তিনি বলছেন, ‘জানি না আমি কত দিন ক্রিকেট খেলব। শরীর যত দিন দেবে, তত দিন খেলার ইচ্ছে। যে দিন মনে হবে খিদেটা চলে গিয়েছে, আগের মতো আর নিজেকে মেলে ধরতে পারছি না কিংবা আগের মতো ক্রিকেটটাকে আর উপভোগ করছি না, সে দিন সরে দাঁড়াব।’

গত বারের চ্যাম্পিয়ন সিএসকে কি এ বারও খেতাব ধরে রাখতে পারবে? ব্র্যাভো মনে করছেন, ‘আমরা ববারবর সব ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করি। যে কোনও ট্রফি কখনও জিতলে পরের মরসুমে সেটা যাতে ধরে রাখতে পারি, সেই চেষ্টাই থাকে। কিন্তু আইপিএল অত্যন্ত কঠিন টুর্নামেন্ট। এত চ্যআলেঞ্জ সামলাতে হয় যে, কোনও ম্যাচই সহজে জেতা যায় না। আমি তো বলব, আইপিএলে ট্রফি জেতা সহজ, কিন্তু খেতাব ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ। তবে আমাদের টিমটা বেশ ভালো। গভীরতা আছে। ব্যালান্সড টিম। সিনিয়র-জুনিয়র কম্বিনেশনটা খুব ভালো। আমরা সবাই মিলে ঝাঁপাব, যাতে এ বারও আইপিএলটা চ্যাম্পিয়ন হতে পারি।’

আরও পড়ুন: IPL 2022 CSK Fixtures: দেখে নিন আইপিএল-১৫-তে চেন্নাই সুপার কিংসের সূচি

Loading...
Unable to load recommendations.
Follow Us