
নিউজিল্যান্ডের (New Zealand) মাটিতে হতে চলা মেয়েদের বিশ্বকাপের (ICC Womens World Cup 2022) আগে মোটেও ভালো জায়গায় নেই ভারতের প্রমিলা ব্রিগেড। এক্কেবারে ফর্মে নেই ভারতের (India) ওয়ান ডে দলের সহ-অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। কিউয়িদের বিরুদ্ধে বিশ্বকাপের আগে একমাত্র টি-২০ ম্যাচে হারার পর, টানা তিনটি ওয়ান ডে ম্যাচেও হারলেন মিতালি রাজরা। এবং মিতালির ডেপুটি তৃতীয় ম্যাচে যেভাবে রান আউট হলেন, তা আরও এক বার তাঁকে প্রশ্নের মুখে ফেলে দিল। প্রাক্তন ভারত অধিনায়ক ডিয়ানা এডুলজি সম্প্রতি হ্যারির ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারই মধ্যে হরমনপ্রীতের এমন হতশ্রী পারফরম্যান্স আরও চাপ বাড়াল ভারতীয় শিবিরে।
ভারতের ইনিংসের ২৮ তম ওভারের চার নম্বর বলে ফ্রান্সেস ম্যাকায়কে (Frances Mackay) স্টেপ আউট করে বড় শট নিয়ে গিয়েছিলেন হরমনপ্রীত। কিন্তু এক প্রকার বাধ্য হয়েই ডিফেন্ড করেন তিনি। এবং বল ম্যাকায়ের হাতে পৌঁছে যায়। তা দেখে ক্রিজে দ্রুত ফেরার জায়গায়, পিচের মাঝেই থমকে যান হরমনপ্রীত। সুযোগ বুঝে ম্যাকায় সজোরে বল মারেন উইকেটের দিকে। নিমেষে তা তালুবন্দি করে কিউয়ি উইকেটকিপার কেটি মার্টিন তা ছুইয়ে দেন উইকেটে।
হরমনপ্রীত ডাইভ মেরেছিলেন। কিন্তু তিনি মাঝপিচে থমকে যাওয়ায়, ঠিক সময়ে ক্রিজে ফিরতে পারেননি। ফলে অদ্ভুতভাবে রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে। মাত্র ১৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন হ্যারি। ম্যাচও হেরে বসে ভারত।
an unfortunate wicket of Harmanpreet Kaur, team India down by 4 wickets! ? #NZvIND #LiveCricketOnPrime pic.twitter.com/mjI4wbz1ou
— amazon prime video IN (@PrimeVideoIN) February 18, 2022
দুই ওপেনার শেফালি ভর্মা ও সাব্বিনেনি মেঘনা যথাক্রমে ৫১ ও ৬১ রান করেন। ওপেনিং জুটি ভালো ভিত গড়ে দিলেও, হরমনপ্রীতের পাশাপাশি রান পাননি যস্তিকা ভাটিয়া ও ক্যাপ্টেন মিতালি রাজ। দীপ্তি শর্মা ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৩ বল বাকি থাকতেই ২৭৯ রানে অলআউট হয়ে যায় ভারত। এবং ৫ বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ২৮০ রান তোলেন অ্যামিরা। ফলে সিরিজে ৩-০ এগিয়ে গেল নিউজিল্যান্ডের মেয়েরা। এবং দুই ম্যাচ বাকি থাকতেই ওয়ান ডে সিরিজ পকেটে পুরে নিল কিউয়িরা।
আরও পড়ুন: অবসর ম্যাচে বিরাটের অমূল্য উপহার চোখে জল এনে দিয়েছিল সচিনের