
বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে তিন ফরম্যাটেই সেরা পেসার জসপ্রীত বুমরা। এই বিষয়ে দ্বিমত নেই। সময়ের সঙ্গে আরও বিধ্বংসী হয়ে উঠছেন। একটা সময় টি-টোয়েন্টি স্পেশালিস্ট মনে করা হত তাঁকে। টেস্ট ক্রিকেটে প্রবেশের পর আরও ধারালো হয়ে উঠেছেন। পিচ এবং পরিস্থিতি নয়, নিজের দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, যে কোনও কন্ডিশনেই প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে পারেন। পারথ টেস্টে অস্ট্রেলিয়া ব্যাটিং আক্রমণ সেটা ভালো ভাবেই টের পেয়েছে।
মাঝে মাঝে জসপ্রীত বুমরাকে নিয়ে তাই অদ্ভূত প্রশ্নও ঘোরাফেরা করে। টেস্ট ক্রিকেটে বুমরা নিজেও ছয় মেরেছেন। কিন্তু তাঁর বোলিংয়ে কেউ ছয় মেরেছেন? প্রশ্নটা অদ্ভূত মনে হওয়ার কারণ, জসপ্রীত বুমরার লাইন-লেন্থ এবং ধারাবাহিকতা। টেস্টে হাতে গোনা কয়েকজন, আরও ভালো করে বললে রেকর্ডে রয়েছে, মাত্র ছ’জন ক্রিকেটার বুমরার বোলিংয়ে ছয় মেরেছেন। এর মধ্যে স্পেশালিস্ট ব্যাটার মাত্র দু-জন। একজন অলরাউন্ডার।
টেস্টে বুমরার বোলিংয়ে ছয় মেরেছেন ইংল্যান্ডের কিপার-ব্যাটার জস বাটলার। ইংল্যান্ডের আর এক ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। তিনি অলরাউন্ডার মইন আলি। প্রোটিয়া ব্যাটারদের মধ্যে মিস্টার ৩৬০ ডিগ্রি এবি ডিভিলিয়ার্স টেস্টে বুমরার বোলিংয়ে ছয় মেরেছেন। অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও রয়েছেন এই তালিকায়। এ বারের সিরিজে অবশ্য খেলতে পারছেন না চোটের কারণে। অজি স্পিনার নাথান লিয়ঁ ছয় মেরেছেন বুমরার বোলিংয়ে! অবাক হলেও এটিই সত্যি। তেমনই ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদও বুমরার বোলিংয়ে ছয় মেরেছেন।