
কলকাতা : দুবাই থেকে কলম্বোর দূরত্ব প্রায় ৩ হাজার ৩০০ কিমি। প্লেনে এই দূরত্ব যেতে লাগে প্রায় সাড়ে ৪ ঘন্টা। ভারত ও পাকিস্তানের এই দূরত্ব অতিক্রম করতে লাগল প্রায় ৫ মাস। শেষবার এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিলেন তিলক ভার্মারা। আজ আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে এই দুই দল। এই মুহূর্তে গ্ৰুপ এ-র ফার্স্ট বয় ভারত হলেও কলম্বোয় দিন ১৫ থাকার কারণে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে পাক দল।
অসুস্থ থাকায় নামিবিয়া ম্যাচে নামেননি অভিষেক শর্মা। ভর্তি হয়েছিলেন হসপিটালেও। সমস্যা কাটিয়ে আজ হয়তো মাঠে নামবেন অভিষেক। তিনি দলে ঢুকলে বসতে পারেন সঞ্জু স্যামসন। দুই ম্যাচেই চলেনি ভারতের মিডল ও লোয়ার অর্ডার। আজ নজর থাকবে তিলক ভার্মা, শিবম দুবের দিকে। ভাল ফর্মে আছেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া। তাঁরা চাইবেন আজকের মহারণে নিজের সর্বস্ব দিতে। মাঠে ফিরেছেন যশপ্রীত বুমরা। তাঁর ওপর ভরসা থাকবে অধিনায়ক সূর্যের। খেলতে পারেন সিরাজও। এই দুই পেস ব্যাটারির উপরেই পাওয়ার প্লে-তে উইকেট তোলার আশা করবেন ভারতীয় সমর্থকেরা। অন্যদিকে পাকিস্তানের উপরেও প্রবল চাপ। প্রথম ম্যাচে ফ্লপের পর দ্বিতীয় ম্যাচে রানের চেষ্টা করেছেন বাবর আজম। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান তুখোড় ফর্মে রয়েছেন। ভারত ম্যাচ নিয়ে তাঁর বক্তব্য, বরুণ চক্রবর্তীকে নিয়ে চিন্তা করছে না তাঁর দল। চর্চায় থাকবেন উসমান তারিক। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে ইতিমধ্যেই চর্চা চলছে ক্রিকেটবিশ্বে। তার মধ্যেই উসমান হতে পারেন ভারতের পথের কাঁটা। নাসিম শাহের খেলার সমূহ সম্ভাবনা রয়েছে আজ। দেখা যাক, পাকিস্তানের শেষ চাল কি হতে পারে। আজকের ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি চিন্তায় ফেলবে কলম্বোর দর্শককে। আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী, আজ কলম্বোতে ৬৫% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭টা থেকে ম্যাচ শুরু হলেও আগে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। চেষ্টা করা হবে ম্যাচ শেষ করার। যদি একান্তই ম্যাচ শেষ না করা যায়, তাহলে দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নেবে। এর ফলে ভারতের সামনে সুপার এইটের দরজা খুলে যাবে।
এই ম্যাচ নিয়ে কয়েকদিন আগেও ছিল চূড়ান্ত বিতর্ক। ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েও ডিগবাজি খেয়েছে পাকিস্তান। এর ফলে মুখ পুড়েছে তাদেরই ক্রিকেট বোর্ডের প্রধানের। বিশ্বকাপে ৮ সাক্ষাতে ভারত এগিয়ে ৭-১। সাম্প্রতিক এশিয়া কাপেও ভারত রীতিমত নাকানিচোবানি খাইয়েছে গম্ভীরের ছাত্ররা। আজ জিতে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রার কফিনে শেষ পেরেক পুঁততে চাইবেন গুরু গম্ভীর।