
দীর্ঘ সিরিজ, লম্বা সফর। সিরিজের ফল ভারতের পক্ষে। পাঁচ ম্যাচের সিরিজ জয় দিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। এরপর টানা তিন ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে সিরিজও নিশ্চিত করে ভারত। ক্যাপ্টেন রোহিত শর্মা, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল একের পর এক অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়েছেন। তরুণ টিম নিয়েও ইতিহাস গড়েছেন রোহিত শর্মা। ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ড টিমের কোচ এবং বেন স্টোকস পাকাপাকি ক্যাপ্টেন হওয়ার পর এই প্রথম কোনও টেস্ট সিরিজ হার ইংল্যান্ডের। তবে শেষটা নানা ভাবে স্মরণীয় করে রাখতে মরিয়া ইংল্যান্ড। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ধরমশালায় ছবির মতো স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড সিরিজের সমাপ্তি। পঞ্চম টেস্টের আগে ইংল্যান্ডের প্রস্তুতিতে দারুণ বিষয়। ‘টিম’ মানে শুধু ক্রিকেটাররাই নন। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যেন সেটাই বোঝাতে চাইলেন। ভারত সফরে রাঁধুনি নিয়ে এসেছে ইংল্যান্ড। রয়েছেন মিডিয়া ম্যানেজার, আরও অনেক সাপোর্ট স্টাফ। ধরমশালা স্টেডিয়ামে শেষ ম্যাচের আগে সকলেই ইংল্যান্ডের প্র্যাক্টিসে! প্রকৃত অর্থেই টিম গেম।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসই দায়িত্ব নেন। রাঁধুনি ডেভিড পাইল, টিমের চিকিৎসক গ্লেন রে, মিডিয়া ম্যানেজার ড্যানি রুবেন, মাসাজ থেরাপিস্ট। সকলকেই স্লিপ ক্যাচিং প্র্যাক্টিস করান ইংল্যান্ড ক্যাপ্টেন। দলের বাকিরা তাঁদের চিয়ার করতে থাকেন। স্লিপে দাঁড়িয়ে ইংল্যান্ড টিমে পর্দার আড়ালে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও মরিয়া চেষ্টা করেন ক্যাচ নেওয়ার। সিরিজ জিতে ফিরতে না পারলেও, সকলেই দুর্দান্ত স্মৃতি সঙ্গে নিয়ে ফিরবেন, এটুকু নিশ্চিত।