T20 World Cup: কোন জটিল অঙ্ক মিলিয়ে সেমিফাইনালে যেতে পারে ভারত?

এখন প্রশ্ন, দুটি ম্যাচ জিতলেও কি ভারত সেমিফাইনালে উঠতে পারবে? যদি ভারত ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়েকে হারায়, তবে তাদের পয়েন্ট হবে ৪। দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে, জিম্বাবোয়েকে হারায়, তাদের পয়েন্ট হবে ৪। ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতে এবং ভারতের কাছে হারে, তা হলে তাদেরও পয়েন্ট হবে ৪। তখন তিন দলের মধ্যে তৈরি হতে পারে জটিল সমীকরণ।

T20 World Cup: কোন জটিল অঙ্ক মিলিয়ে সেমিফাইনালে যেতে পারে ভারত?
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 24, 2026 | 1:12 PM

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ভারত। আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে যায় ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল ম্য়াচের কোনও পর্যায়েই দক্ষিণ আফ্রিকাকে চাপের মুখে ফেলতে পারেনি। এই পরাজয়ের ফলে শুধু মনোবলই নয় বরং সেমিফাইনালে ওঠার সমীকরণও জটিল হয়ে পড়েছে ভারতের কাছে। সুপার এইটের গ্রুপ-এ তে চার দলের মধ্যে খারাপ অবস্থানে ভারত। বড় ব্যবধানে হারায় ভারতের নেট রান রেট নেমে গিয়ে দাঁড়িয়েছে -৩.৮০০। টুর্নামেন্টের এই পর্যায়ে ভীষণই উদ্বেগের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। গ্রুপের বাকি দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে গতকাল মুখোমুখি নেমেছিল। ওয়েস্ট ইন্ডিজ জিতে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে। যা ভারতের চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

এখন প্রশ্ন, দুটি ম্যাচ জিতলেও কি ভারত সেমিফাইনালে উঠতে পারবে? যদি ভারত ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়েকে হারায়, তবে তাদের পয়েন্ট হবে ৪। দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে, জিম্বাবোয়েকে হারায়, তাদের পয়েন্ট হবে ৪। ওয়েস্ট ইন্ডিজ যদি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতে এবং ভারতের কাছে হারে, তা হলে তাদেরও পয়েন্ট হবে ৪। তখন তিন দলের মধ্যে তৈরি হতে পারে জটিল সমীকরণ। ভারত যদি পরের দুটো ম্যাচে জেতে, সূর্যদেরও পয়েন্ট হবে ৪। সে ক্ষেত্রে সেমিফাইনালে কোন দুটো দল যাবে, তার সিদ্ধান্ত হবে নেট রান রেটে। আর এখানেই ভারতের সবচেয়ে বড় সমস্যা। সুপার এইটের প্রথম ম্য়াচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্য়াবধানে হারার কারনে রান রেটের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত। পরের দুটো ম্যাচ শুধু জেতা নয়, রান রেট বাড়ানোর চেষ্টাও করতে হবে ভারতকে। কিন্তু টপ অর্ডার ব্যাটারদের যা ফর্ম, সেই লক্ষ্যপূরণ হবে কিনা, তা নিয়ে থাকছে সংশয়।

অন্য গ্রুপের কী খবর? ইংল্যান্ড প্রথম ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবলের শীর্ষে। পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। ফলে তাদের ঝুলিতে ১ করে পয়েন্ট রয়েছে। শ্রীলঙ্কা আবার প্রথম ম্যাচে হেরেছে কিউয়িদের কাছে, ফলে তাঁদের পয়েন্ট শূন্য। আজ আবার পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচ। এই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। যদি ম্যাচ ভেস্তে যায়, তা হলে পাকিস্তানের যাত্রা কঠিন হবে যেমন, তেমনই ইংল্যান্ড কার্যত শেষ চার নিশ্চিত করে ফেলবে। সে দিক থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা ম্যাচ হয়ে উঠবে অতি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা যদি এই দুই দলকে হারায়, তা হলে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। আবার আজকের ম্যাচ যদি বৃষ্টির ঘেরাটোপ এড়িয়ে পুরোপুরি হয়, ইংল্যান্ডের কাছে হারলে পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে যাবে বিশ্বকাপ থেকে।

দুটো গ্রুপের গল্পই বেশ জটিল হয়ে উঠেছে। গতবারের চ্যাম্পিয়ন ভারতের ভাগ্য পুরোপুরি নিজেদের হাতে নেই। সেমিফাইনালে যাওয়ার জন্য় ভারতের শুধু ম্য়াচ জেতাই নয় অন্য ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। দক্ষিণ আফ্রিকা যদি বাকি দুই ম্যাচ জিতে যায়, তবে তারা নিশ্চিন্তে সেমিফাইনালে চলে যাবে। সে ক্ষেত্রে দ্বিতীয় স্থানের জন্য ভারতকে লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের সঙ্গে। যেখানে নেট রান রেট হয়ে উঠতে পারে শেষ কথা। সুপার এইটের বাকি দুই ম্যাচ তাই ভারতের কাছে কার্যত ‘ডু অর ডাই’। শুধু জয় নয়, বড় ব্যবধানে জয়ই এখন সূর্যকুমারদের একমাত্র লক্ষ্য।