
পঞ্জাব: দেখতে দেখতে চলে এল আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণের জন্য নিলাম। এই মিনি নিলামের আসর বসবে ২৩ ডিসেম্বর। এ বারের নিলামের জন্য মোট ৪০৪ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। এ বারের নিলামে ক্রিকেট প্রেমীদের বাড়তি নজর থাকবে বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের (Punjab Kings) দিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক বারও চ্যাম্পিয়ন হতে পারেনি পঞ্জাব। ২০১৪ সালে পঞ্জাবের সব চেয়ে ভালো ফল ছিল রানার্স হওয়া। এ বারের নিলামের আগে মায়াঙ্ক আগরওয়াল-সহ মোট ৯ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে পঞ্জাব। শিখর ধাওয়ানের দল মোট ৯ জন ক্রিকেটার কিনতে পারবে নিলাম থেকে। যার মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। এই মিনি নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজির কাছে রয়েছে ৩২.২০ কোটি টাকা। ডিসেম্বরের মিনি নিলামে (IPL 2023 Auction) কী হতে পারে পঞ্জাব কিংসের কৌশল, জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
পঞ্জাব কিংসের বিদেশি অল রাউন্ডার প্রয়োজন। প্রীতির দলের প্রাক্তন হেড কোচ, ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে কিছুদিন আগে বলেছিলেন, “পঞ্জাব কিংস ইতিমধ্যেই ওডিন স্মিথকে রিলিজ করে দিয়েছে। ফলে ওর এখন একজন বিদেশি অল রাউন্ডারের খোঁজে রয়েছে। যে কারণে এই মিনি নিলামে ফ্র্যাঞ্চাইজির নজর একজন বিদেশি অলরাউন্ডারে থাকবে। এই তালিকায় ক্যামেরুন গ্রিন, বেন স্টোকস এবং স্যাম কারেন রয়েছে। আমার মনে হয়, ক্যামেরুন গ্রিনকেই দলে নেবে পঞ্জাব। কারণ ও দলে কিছুটা হলেও গতি আনতে পারবে। গ্রিন যথেষ্ট লম্বা, ও বল যথেষ্ট জোরে হিট করতে পারে। পাশাপাশি প্রথম তিনের মধ্যে ও ব্যাট করতেও নামতে পারবে। সেই জন্য আমি মনে করি যে গ্রিনকেই পঞ্জাব কিংসের দলে নেওয়া উচিত।” এ ছাড়াও কোনও বিদেশি স্পিনার অলরাউন্ডার ও ব্যাটার খুঁজবে পঞ্জাব।
একজন বিদেশি অলরাউন্ডার যেহেতু প্রয়োজন পঞ্জাবের তাই, এ বারের মিনি নিলামে প্রীতির দলের নজর থাকবে বেন স্টোকস, ক্যামেরুন গ্রিন ও স্যাম কারানের দিকে।
শিখর ধাওয়ান, শাহরুখ খান, রাহুল চাহার, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, রাজ অঙ্গদ বাওয়া, প্রভসিমরন সিং, ঋষি ধাওয়ান, জীতেশ শর্মা, বলতেজ সিং, অথর্ব তাইডে, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, জনি বেয়ারস্টো, নাথান এলিস, ভানুকা রাজাপক্ষে।
মায়াঙ্ক আগরওয়াল, ওডিন স্মিথ, বৈভব অরোরা, বেনি হাউয়েল, ঈশান পোড়েল, অংশ প্যাটেল, প্রেরক মানকাড, সন্দীপ শর্মা, ঋত্বিক চ্যাটার্জি।