
নয়াদিল্লি: মঙ্গলবার বাংলার রঞ্জি টিমে (Ranji Trophy) ঋদ্ধিমান সাহাকে (Wriddhiman Saha) না দেখে তীব্র আলোড়ন পড়ে গিয়েছিল। খোঁজ নিতে গিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কথা সামনে আসে। পরবর্তী প্রজন্মের দিকে তাকিয়েই লাল বলের ক্রিকেটে আপাতত ভাবা হচ্ছে না বাংলার কিপারকে। বুধবার ঋদ্ধির তালিকায় আরও এক নাম। সিনিয়র ক্রিকেটার ইশান্ত শর্মাকেও (Ishant Sharma) আর চাইছে না রোহিত শর্মা (Rohit Sharma) রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) টিম ইন্ডিয়া। ইশান শর্মাও নেই দিল্লির রঞ্জি দলে। বুধবার দুপুর পর্যন্ত ডিডিসিএ অপেক্ষা করে ইশান্তের সিদ্ধান্ত জানার জন্য। কিন্তু ভারতীয় টেস্ট দলের ফাস্ট বোলার রঞ্জি খেলা নিয়ে কোনও সিদ্ধান্ত না জানানোয়, তাঁকে ছাড়াই দল ঘোষণা করে দেয় দিল্লি ক্রিকেট সংস্থা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে খবর ঋদ্ধির মতই ইশান্ত শর্মাকেও ভারতীয় দলের সিনিয়র সদস্য ও নির্বাচকরা জানিয়ে দিয়েছেন, আগামী দিনে তাঁকে নিয়ে আর ভাববে না টিম ইন্ডিয়া। সেই কথা শুনে ঋদ্ধির মতো রঞ্জি ট্রফি থেকে নিজেকে সরিয়ে নেন ইশান্ত শর্মাও।
পরিকল্পনা পরিষ্কার। শুধুমাত্র অধিনায়ক ও কোচ বদল দিয়েই ভারতীয় ক্রিকেটের বদল শুরু হয়নি। দলের খোলনলচে পাল্টে ফেলার কাজেও হাত দিয়েছেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়। ভবিষ্যতের কথা ভেবে শুধু যে ঋদ্ধি ও ইশান্তের মতো দুই সিনিয়রকে দলের বাইরে রাখার কথা ভাবা হচ্ছে তা নয়, ওয়ার্নিং বেল বাজিয়ে দেওয়া হয়েছে, চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানের জন্যও। সূত্রের খবর, হাতে গোনা সুযোগ পেতে পারেন দুই সিনিয়র। তাতে নিজেদের প্রমাণ করতে না পারলে জায়গা ছাড়তে হবে দু’জনকেই। দু’জনই এখন রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফি খেলছেন। দল নির্বাচনে নিজেদের দাবি পেশ করতে হলে রঞ্জিতেও ব্যাট হাতেও রান করতে হবে রাহানে এবং পূজারাকে।
ঋদ্ধির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে কর্নাটকের কেএস ভরতকে। ইশান্তের বদলে কে? তালিকায় একাধিক নাম। প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, নবদীপ সাইনিরা আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলছেন, ‘এই পালা বদলটা তরুণ ক্রিকেটারদের কাছে দারুণ একটা সুযোগ। এ বারের রঞ্জিতে যারা ভালো পারফর্ম করতে পারবে, তারা চলে আসবেন নির্বাচকদের ফোকাসে। একই সঙ্গে আছে আইপিএল। দুটি টুর্নামেন্ট কার্যত তরুণ ক্রিকেটারদের কাছে পরীক্ষা, রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়ের পরিকল্পনায় ঢুকে পড়ার।
বোঝাই যাচ্ছে, ফর্ম না থাকা সত্ত্বেও দিনের পর দিন অনেক সিনিয়রকে টিমে জায়গা দেওয়া হয়েছে। সেই পথে আর হাঁটবে না নতুন টিম ম্যানেজমেন্ট। ভালো খেললে তবেই খুলবে দরজা। আর টিমে সুযোগ পেলে সেরাটাও দিতে হবে।
আরও পড়ুন : ICC Ranking: ব্যাটে রান না থাকলেও র্যাঙ্কিং ধরে রাখলেন বিরাট