IPL 2024, MS Dhoni: IPLএর আগেই কি অবসর নিচ্ছেন, ধোনির ফেসবুক পোস্ট ঘিরে প্রবল জল্পনা!

CSK, IPL 2024: এ বার আইপিএলের অনেক আগে থেকেই টিমকে নিয়ে নেমে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২২ মার্চ আইপিএল শুরু। উদ্বোধনী ম্যাচেই মাঠে মুখোমুখি নামতে চলেছে সিএসকে এবং আরসিবি। তার ঠিক দু'সপ্তাহ আগেই হঠাৎ ধোনিই তুলে দিলেন নতুন জল্পনা!

IPL 2024, MS Dhoni: IPLএর আগেই কি অবসর নিচ্ছেন, ধোনির ফেসবুক পোস্ট ঘিরে প্রবল জল্পনা!
IPL 2024, MS Dhoni: IPLএর আগেই কি অবসর নিচ্ছেন, ধোনির ফেসবুক পোস্ট ঘিরে প্রবল জল্পনা!Image Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 04, 2024 | 7:31 PM

অভিষেক সেনগুপ্ত

কলকাতা: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) কবে অবসর নেবেন আইপিএল (IPL) থেকে? গত বারই শোনা গিয়েছিল, চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পর আইপিএল থেকে সরে দাঁড়াতে পারেন। হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন পুরো টুর্নামেন্ট। আইপিএলের পর কিন্তু সব জল্পনা থেমে গিয়েছিল। মাহি অস্ত্রোপচার করিয়েছিলেন হাঁটুতে। এ বার আইপিএলের অনেক আগে থেকেই টিমকে নিয়ে নেমে পড়েছেন ধোনি। ২২ মার্চ আইপিএল শুরু। উদ্বোধনী ম্যাচেই মাঠে মুখোমুখি নামতে চলেছে সিএসকে এবং আরসিবি। তার ঠিক দু’সপ্তাহ আগেই হঠাৎ ধোনিই তুলে দিলেন নতুন জল্পনা!

ফেসবুক পোস্টে ধোনি লিখেছেন, ‘নতুন মরসুমে নতুন ভূমিকায় নামার জন্য মুখিয়ে রয়েছি। সঙ্গে থাকুন!’ এই পোস্ট নিয়ে সমস্যা নেই। আইপিএলের নতুন মরসুমের আগে ধোনি তাঁর ভক্তকুলকে পাশে পেতে চাইবেন, তাতে আর আশ্চর্যের কী! প্রশ্ন হল, ‘নতুন ভূমিকা’ মানে কী বলতে চেয়েছেন ধোনি? চার বছর পর ফেসবুকে নিজেকে নিয়ে কোনও পোস্ট করলেন ধোনি। আর সেই পোস্ট চোখের পলকে ভাইরাল।

তিনটে যুক্তি খোঁজার চেষ্টা করছেন তাঁর ভক্তরা। এক, ধোনিকে কি আর ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে না হলুদ আর্মির? ধোনির পর চেন্নাইকে নতুন নেতা বেছে নিতেই হবে। সেই প্রক্রিয়া ২০২২ সালের আইপিএলেও নেওয়া হয়েছিল। রবীন্দ্র জাডেজাকে ক্যাপ্টেন করা হয়। কিন্তু তা কাজে লাগেনি। অনভিজ্ঞ জাডেজাকে নেতা করায় ভরাডুবি হয়েছিল সিএসকের। মাঝ পথে দায়িত্ব নিতে হয় ধোনিকেই। আরও একবার কি ধোনিই তাঁর উত্তরসূরি বেছে দিতে চলেছেন? সে ক্ষেত্রে চেন্নাইয়ের নতুন ক্যাপ্টেন কে হতে পারেন? তরুণ ঋতুরাজ গায়কোয়াড়ই এগিয়ে বলে মনে করছেন অনেকেই। এশিয়ান গেমসেও সোনাজয়ী ভারতীয় টিমের ক্যাপ্টেন ছিলেন ঋতুরাজই। জাডেজাকেও নাকি বিকল্প হিসেবে ভাবছেন কেউ কেউ।

দ্বিতীয় যুক্তি হিসেবে কেউ কেউ বলছেন, ধোনির চোট এখনও নাকি ভালো হয়নি। এই পরিস্থিতিতে পুরো আইপিএল নাও খেলতে পারেন মাহি। তাই তাঁকে সিএসকের ক্যাপ্টেনের বদলে মেন্টর হিসেবেই বেশি দেখা যাবে। স্টিফেন ফ্লেমিং টিমের কোচ। কিন্তু টিমে ধোনির প্রভাবই সবচেয়ে বেশি। যে কারণে ক্রিকেট থেকে পুরোপুরি সরে গেলেও সিএসকেতে থেকে যাবেন ধোনি। মেন্টর হিসেবেই তাঁকে দেখা যাবে আগামী দিনে। এ বারও সেই ভূমিকায় তিনি থাকবেন? তাই নতুন ভূমিকার কথা উল্লেখ করেছেন? যাতে তাঁর ভক্তরা আইপিএল শুরুর সময় ধাক্কা না খান।

কিছু দিন আগেই ধোনির ছেলেবেলার বন্ধু পরমজিৎ সিং বলেছিলেন, ধোনি যত দিন পারবেন, তত দিন খেলবেন আইপিএল। কিন্তু ৪৩-এর ধোনিও জানেন, কিপার হিসেবে বেশি দিন খেলা তাঁর পক্ষে সম্ভব নয়। সেখানেই তৈরি হচ্ছে তৃতীয় সম্ভাবনা। ধোনিকে কি আর কিপার হিসেবে দেখা যাবে না? সে সম্ভাবনা কিন্তু ভীষণই উজ্জ্বল। ধোনি হয়তো পুরো আইপিএলই খেলবেন, কিন্তু কিপার হিসেবে উইকেটের পিছনে যে অবদান এতদিন রেখেছেন, তা আর দেখা যাবে না। সে ক্ষেত্রে কিপার হতে পারেন আরাবল্লি অবনীশ। এ বারই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের কিপার ছিলেন। তাঁকেই ধোনির পরবর্তী কিপার হিসেবে দেখা যেতে পারে।

মোদ্দা কথা হল, নতুন ভূমিকার কথা বলে ধোনি কিন্তু প্রবল ধোঁয়াশাই তৈরি করেছেন। যা একমাত্র তিনিই মেটাতে পারেন। অথবা, আইপিএলের বিউগল বাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের। জাতীয় দল থেকে অবসরের সময় ধোনি এমনই করেছিলেন। আচমকাই সরে দাঁড়িয়েছিলেন টিম থেকে। যাঁরা ধোনিকে চেনেন, তাঁরা কিন্তু অপ্রত্যাশিত তেমন কিছুর অপেক্ষায় রয়েছেন।

Follow Us