
মুম্বই: ক্রিকেটাররা কি চাইলেই সব কিছু করতে পারেন? এই যেমন ঈশান কিশান (Ishan Kishan)। নিজেকে ‘মায়ের ছোট ছেলে’ বললেও আইপিএল (IPL) নিলামে সেই ঈশানই যেন ‘বিগ ড্যাডি’। ১৫.২৫ কোটি টাকা দিয়ে তাঁকে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গত ২ বছরে ঝাড়খণ্ডের উইকেটকিপারের উত্থান দেখেছে ক্রিকেটমহল। মুম্বই তাঁকে বড় দাম দিয়ে রেখে দেওয়ায় খুশি ধোনির রাজ্যের এই উইকেটকিপার ব্যাটার। মুম্বই তাঁর কাছে একপ্রকার দ্বিতীয় ঘর। তাই আম্বানির দল তাঁর উপর আস্থা দেখানোয় বেশ খুশি ঈশান কিশান। আইপিএল পনেরোতে আরও সাফল্য পাওয়ার লক্ষ্যে সচেষ্ট ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার। মেগা নিলামে বড় দাম পাওয়ার সুবাদে কি করতে চান ঈশান? তাঁর মন আপাতত ক্রিকেটেই। ক্রিকেটই ধ্যান জ্ঞান। আর বড় দাম পেলেও যে যা খুশি করা সম্ভব তা মানতে চান না এই তরুণ উইকেটকিপার ব্যাটার।
ঈশান বলেন, ‘ক্রিকেটাররা অনেকের রোল মডেল হয়। তাই ইচ্ছে থাকলেই যা খুশি করা সম্ভব নয়। অনেক সংযমী হতে হয়।’ এই মুহূর্তে সীমিত ওভারের ফরম্যাটে ঈশান কিশানের অন্যতম প্রতিদ্বন্দ্বী ঋষভ পন্থ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুই কিপারকে একসঙ্গে খেলতে দেখা গিয়েছে। তবে দু’জনের কেউই একে অপরকে প্রতিপক্ষ হিসেবে দেখেন না। এমনটাই জানাচ্ছেন ঈশান কিশান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ঋষভ আর আমি খুব ভালো বন্ধু। যখনই আমরা একসঙ্গে থাকি অনেক আড্ডা মারি। অবসর সময় পেলেই আমরা একসঙ্গে সিনেমা দেখি। ক্রিকেট নিয়েও আমাদের দু’জনের মধ্যে অনেক আড্ডা হয়। এর চেয়ে ভালো সম্পর্ক আর কিই বা হতে পারে।’
ঈশান এও বলেন, ‘আমার মনের অবস্থা ওর সঙ্গে শেয়ার করি। ওর ক্ষেত্রেও তাই। কখনও মনের মধ্যে এটা আসেনা যে, আমি ওর জায়গায় খেলব। আমি নিশ্চিত, ওর মনেও এই চিন্তা ঘুরপাক খায় না। আর এটাই আমাদের দু’জনের সবচেয়ে ভালো বন্ডিং। ক্রিকেট সূচির মাঝামাঝি অবস্থাতেও আমরা এটা ভাবিনা, একে অপরের প্রতিপক্ষ।’ ২৩ বছরের তরুণ উইকেটকিপার বলেন, ‘ব্যাটিংয়ের পাশাপাশি আমি উইকেটকিপিং করতেও খুব ভালোবাসি। তাই যখনই কিপিংয়ের সুযোগ আসে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
আরও পড়ুন: Deepak Chahar: অবসরের দিন চাহারের কেরিয়ার পাল্টে দিয়েছিলেন ধোনি