
কলকাতা: বিশ্বকাপে টিকিট বন্টনে অস্বচ্ছতার অভিযোগ নিয়ে মুখ খুললেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর সাফ বার্তা, বোর্ডের নির্দেশিকা অনুযায়ী সব হয়েছে। বৃহস্পতিবার সন্ধেয় সাংবাদিক বৈঠক করেন সৌরভ। সেখান থেকেই টিকিট বন্টন থেকে নির্বাসিত ক্রিকেটারকে পুরস্কার বিতর্ক-সহ একাধিক বিষয়ে নিয়ে মুখ খোলেন সিএবি সভাপতি। স্পষ্ট জানিয়ে দেন, তাঁর ভাবমূর্তি কোনওভাবে নষ্ট করা যাবে না।
২০২৩ ও ২০২৬ বিশ্বকাপে টিকিট বণ্টনের অস্বচ্ছতা নিয়ে অভিযোগ ওঠে। এই বিষয়ে সংবাদমাধ্যম প্রশ্ন করলে বোর্ডের নথি হাতে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বাপি বাড়ি যা ঢংয়ে সেই প্রশ্ন উড়িয়ে দেন। তাঁর সাফ জবাব, ‘যা হয়েছে তা বোর্ডের নির্দেশিকা অনুযায়ীই হয়েছে।’ একইসঙ্গে জোর দিয়ে বলেন, “সিএবিতে কোনও দুর্নীতি নেই। সমস্ত কাজই স্বচ্ছতার সঙ্গে করা হয়।”
২৪ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। এবারে ভোটাভুটির সম্ভাবনাও রয়েছে। তার আগে কি সৌরভ চাপে? তাঁর সম্মান নষ্ট করার জন্যই তাঁর বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে অভিযোগ। মহারাজের সাফ জবাব, “আমার ভাবমূর্তি কেউ নষ্ট করতে পারবে না। সিএবির উপর আমার ভাবমূর্তি নির্ভর করে না।”
নির্বাসিত ক্রিকেটারদের পুরস্কার বিতরণ বিতর্কে সৌরভের দাবি, “গত মরসুমের পারফরমেন্সের বিচারে এই দুই ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়। এমনকি এই দুই ক্রিকেটারের বয়স ভাড়ানোর প্রমাণ প্রথম চিহ্নিত করে সিএবিই।’ এমনকি ভুয়ো সংশাপত্র দেখিয়ে সিএবি লিগে একাধিক ক্রিকেটার খেলার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে কলকাতা পুরসভা ও হাসপাতালের ভূমিকাও উল্লেখ করেন সৌরভ। গত বছর থেকেই বয়স ভাড়ানো রুখতে আধার বায়োমেট্রিক বাধ্যতামূলক করে সিএবি।