মনে হচ্ছে আমরাই ফেভারিট, বললেন অধিনায়ক সূর্য

বিশ্বকাপে ভারতের গ্ৰুপে রয়েছে নেদারল্যান্ড, পাকিস্তান, নামিবিয়া এবং আমেরিকা। প্রথম দিনেই কাপ অভিযান শুরু করছেন বুমরারা। তার মধ্যেই আজ সাংবাদিক সম্মেলনে এসে যথেষ্ঠ আত্মবিশ্বাসী শোনাল অধিনায়ক সূর্যকুমারকে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে কলম্বোতে। কিন্তু পাকিস্তান এখনও খেলতে অনিচ্ছুক।

মনে হচ্ছে আমরাই ফেভারিট, বললেন অধিনায়ক সূর্য
Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Feb 05, 2026 | 8:36 PM

কলকাতা: কুড়ি-বিশের বিশ্বকাপ এর আগে জিতেছে দু’বার। মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মার হাত ধরে কাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় সমর্থকরা। বিশ্বকাপে নেমে পড়ার আগে নিজেদের ‘ফেভারিট’ হিসেবে দাবি করলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। টুর্নামেন্টের প্রথম প্রেস কনফারেন্স মুম্বই এবং কলম্বো থেকে অনুষ্ঠিত হয়েছে। সূর্যের এই আত্মবিশ্বাস প্রতিযোগিতা শুরুর আগে আবার আশার আলো দেখাচ্ছে সমর্থকদের। আয়োজক দেশ হিসেবে এর আগে কোনও দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। সূর্যরা পারলে ইতিহাস হবে।

বিশ্বকাপে ভারতের গ্ৰুপে রয়েছে নেদারল্যান্ড, পাকিস্তান, নামিবিয়া এবং আমেরিকা। প্রথম দিনেই কাপ অভিযান শুরু করছেন বুমরারা। তার মধ্যেই আজ সাংবাদিক সম্মেলনে এসে যথেষ্ঠ আত্মবিশ্বাসী শোনাল অধিনায়ক সূর্যকুমারকে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হবে কলম্বোতে। কিন্তু পাকিস্তান এখনও খেলতে অনিচ্ছুক। সেই নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে সূর্য বলেন,”আমরা খেলতে অস্বীকার করিনি। ওরা (পাকিস্তান) করেছে। আমাদের ম্যাচ খেলা নিয়ে কোনও অসুবিধেই নেই। আমরা কলম্বো যাওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত। আমাদের টিকিটও বুক হয়ে গেছে।” এই উক্তি থেকেই স্পষ্ট, যদি পাকিস্তান নাও খেলে, ভারতীয় দল সম্পূর্ণ ম্যাচের প্রস্তুতি নিয়েই মাঠে নামবে এবং বিপক্ষের জন্য মাঠেই অপেক্ষা করবে।

এই বিশ্বকাপ এমনিতেই সব চর্চার কেন্দ্রবিন্দুতে। প্রথমে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েও বোর্ডের নির্দেশে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনার প্রতিবাদ করে বিশ্বকাপ খেলতে অস্বীকার করে বাংলাদেশ বোর্ড। তাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তান আরও চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে। তারা বিশ্বকাপ খেলবে কিন্তু ভারত ম্যাচ খেলতে অনিচ্ছুক পাক বোর্ড। যার জন্য আইসিসি পাক বোর্ডকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ভারত ম্যাচ না খেললে পাকিস্তানের জন্য চরম বিপদ অপেক্ষা করছে।

সূর্য এও বলেছেন, দলের কোচ গৌতম গম্ভীর ড্রেসিংরুমের পরিবেশ এমনভাবে সাজিয়েছেন, যাতে খেলোয়াড়দের উপর কোন চাপ না থাকে। এর ফলে সবাই ফুরফুরে হয়ে মাঠে নামতে আশাবাদী। বিশ্বকাপের প্রাক্কালে নিজেদেরই “ফেভারিট” দাবি করলেন স্কাই। তাঁর কথায়, “ভারত ছাড়া আরও ১৯টা দল অংশগ্রহণ করেছে ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে আমরাই ফেভারিট।”

পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা আবার বাংলাদেশের সমর্থন করেছেন। বাংলাদেশের না খেলাটা খুবই দুঃখজনক একটি ঘটনা। কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান আবার ভাই-ভাই। এমনটাই প্রেস কনফারেন্স জানালেন সলমন। বিশ্বকাপ চলবে প্রায় এক মাস। বাংলাদেশের বদলে খেলার সুযোগ পালিয়েছে স্কটল্যান্ড। এদিকে সূর্যের আত্মবিশ্বাসে রীতিমত চাঙ্গা রয়েছে ভারতীয় দল।