
বড় কোনও অঘটন না হলে ভারতীয় দলে তিন ফরম্যাটেই ওপেনিংয়ে দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে। কোচ রাহুল দ্রাবিড় একথা নিশ্চিত করেছেন অনেক আগেই। কোচ এবং অধিনায়কের ভরসার মর্যাদা দিয়েছেন যশস্বী জয়সওয়াল। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও দাপট দেখা গিয়েছে। ভারতের একমাত্র ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে ৭০০ কিংবা তার বেশি রানের রেকর্ড গড়েছেন যশস্বী। জাতীয় দলে এমন বিধ্বংসী ওপেনার হয়ে ওঠার জন্য আইপিএলের টিমকে কৃতজ্ঞতা জানিয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত আইপিএলই যশস্বীর কেরিয়ারে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তার আগে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়েছেন। কিন্তু আইপিএলে সেঞ্চুরি, ১৩ বলে হাফসেঞ্চুরির রেকর্ড আলাদা করে তাঁকে চিনিয়েছিল। রাজস্থান রয়্যালসের উপর সে কারণেই কৃতজ্ঞ যশস্বী। বেশ কিছু ম্যাচে ব্যর্থ হলেও তাঁর উপর ভরসা রেখেছিল রাজস্থান রয়্যালস। সেই ভরসার মর্যাদাও রেখেছেন যশস্বী। জাতীয় দলের হয়ে অভিষেক টেস্টেই সেঞ্চুরি মেরে নিজের জাত চিনিয়েছিলেন।
আগামী ২২ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। তার আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে যশস্বী বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট এবং জুবিন বারুচা স্যারকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমার খেলায় উন্নতিতে সহযোগিতা করেছেন। প্রায় তিন-চার বছর তাঁর সঙ্গে কাজ করেছি। আমাকে যোগ্যতা প্রমাণের মঞ্চ দেওয়ার জন্য রাজস্থান রয়্যালসের প্রতিও কৃতজ্ঞ। যখন খুশি, তখনই প্র্যাক্টিসের সুযোগ পেয়েছি। গত প্রায় ৯ মাস জাতীয় দলে খেলছি। রোহিত শর্মা ও রাহুল স্যারকে ভুললে চলবে না। প্রতিনিয়ত আমার খেলায় উন্নতিতে সহযোগিতা করেছেন।’