Cristiano Ronaldo: ভুল খবরে শোরগোল পড়েছিল, অবশেষে জল্পনার অবসান ঘটালেন রোনাল্ডো

Cristiano Ronaldo marries Georgina Rodriguez: বিয়ের কয়েক দিন আগে খবর ছড়িয়েছিল, রোনাল্ডোর নিজের শহর মাদেইরার ফুনচালের এস ক্যাথেড্রালে বিয়ে করবেন তাঁরা। সেই খবর শুনে শত শত ভক্ত ক্যাথেড্রালের বাইরে ভিড় করেন। তাঁদের আশা ছিল, এক ঝলক দেখা যাবে রোনাল্ডো ও জর্জিনাকে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, বেদির দিকে যিনি এগিয়ে যাচ্ছেন, তিনি জর্জিনা নন।

Cristiano Ronaldo: ভুল খবরে শোরগোল পড়েছিল, অবশেষে জল্পনার অবসান ঘটালেন রোনাল্ডো
বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোImage Credit source: Social Media

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 12, 2026 | 7:03 AM

লিওনেল মেসির সঙ্গে তাঁর তুলনা সবসময় চলে। আবার তাঁর বিয়ে নিয়েও জল্পনার অন্ত নেই। প্রথমটা হয়তো বিশ্ব ফুটবলে চলতেই থাকবে। কিন্তু, দ্বিতীয় জল্পনার অবসান ঘটালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিয়ে করলেন দীর্ঘদিনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে। পর্তুগালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে সেরেছেন ফুটবল তারকা ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী। নিজেদের বিয়ের খবর প্রকাশ্যে আনতে তাঁরা শুধু বিয়ের আংটি পরা হাতের একটি ছবি শেয়ার করেছেন।

কিছুদিন আগেই ফুটবল বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় পর্তুগালকে। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে বছর একচল্লিশের রোনাল্ডোর। বিশ্বকাপ হাতে তুলতে না পারলেও তাঁর বিয়ে নিয়ে জল্পনার অবসান ঘটালেন পর্তুগাল তারকা। ৩২ বছরের স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে মঙ্গলবার ক্যাসকাইসে তাঁদের বিয়ে হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিল তাঁদের পাঁচ সন্তানও। পরে নিজেদের হাতে পরা বিয়ের আংটির ছবি প্রকাশ করেন দু’জনে। ইতালীয় ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোও তাঁদের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

বিয়ের গুঞ্জন চরমে উঠেছিল-

বিয়ের কয়েক দিন আগে খবর ছড়িয়েছিল, রোনাল্ডোর নিজের শহর মাদেইরার ফুনচালের এস ক্যাথেড্রালে বিয়ে করবেন তাঁরা। সেই খবর শুনে শত শত ভক্ত ক্যাথেড্রালের বাইরে ভিড় করেন। তাঁদের আশা ছিল, এক ঝলক দেখা যাবে রোনাল্ডো ও জর্জিনাকে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, বেদির দিকে যিনি এগিয়ে যাচ্ছেন, তিনি জর্জিনা নন।

বরং নিকোল নামে এক মহিলা তাঁর সঙ্গী ফাবিওকে বিয়ে করতে সেখানে এসেছিলেন। এই ভুলের খবর ছড়িয়ে পড়ার পর রোনাল্ডো নিজেও বিষয়টি নিয়ে মজা করেন। ইনস্টাগ্রামে ওই ঘটনা নিয়ে করা একটি পোস্টে তিনি হাসতে হাসতে চোখে জল আসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। রোনাল্ডোর পরিবারের তরফেও সেই সপ্তাহে তাঁদের বিয়ের খবর অস্বীকার করা হয়েছিল। রোনাল্ডো নিজেও বিয়ের দিনক্ষণ নিয়ে মুখ খোলেননি।

গুচি স্টোরে দেখা, সেখান থেকে বিয়ে-

২০১৬ সালে প্রথম দেখা হয়েছিল রোনাল্ডো ও জর্জিনার। তখন একটি গুচি স্টোরে কাজ করতেন জর্জিনা। ২০১৭ সালের জানুয়ারিতে জুরিখে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসে প্রথমবার একসঙ্গে রেড কার্পেটে দেখা যায় তাঁদের। পরে প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন তাঁরা। জর্জিনার নেটফ্লিক্স সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে রোনাল্ডো জানিয়েছিলেন, শুরুতে তিনি ভাবেননি তাঁদের সম্পর্ক এতটা গভীর হবে।

রোনাল্ডোর কথায়, “শুরুতে আমি ভাবিনি যে এটা এতটা শক্তিশালী সম্পর্ক হবে, যে আমি ওর প্রেমে পড়ে যাব। সত্যি বলতে, আমি এটা আশা করিনি। কিন্তু কিছু সময় পর আমার মনে হল, ও-ই আমার জীবনের নারী।”

পাঁচ সন্তানকে নিয়ে পরিবার-

২০২৫ সালের ১১ অগস্ট তাঁদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। অর্থাৎ বিয়ের ঠিক এক বছর আগে। সেই সময় জর্জিনা তাঁর এনগেজমেন্ট রিংয়ের ছবি শেয়ার করে লিখেছিলেন, “S, quiero. En esta y en todas mis vidas.” যার অর্থ, “হ্যাঁ, আমি চাই। এই জীবনেও এবং আমার সমস্ত জীবনেও।”

রোনাল্ডো ও জর্জিনার দুই কন্যা রয়েছে, আলানা ও বেলা। এছাড়াও রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওকে তাঁরা একসঙ্গে বড় করছেন। তবে ২০২২ সালে তাঁদের পরিবারে নেমে এসেছিল শোক। বেলার যমজ ভাই অ্যাঞ্জেল জন্মের কিছু পরই মারা যায়।

দীর্ঘদিনের জল্পনা, বাগদান নিয়ে গুঞ্জন এবং মাদেইরার ক্যাথেড্রালের বাইরে এক ভুল বিয়েকে ঘিরে বিভ্রান্ত ভিড়—সবকিছুর অবসান ঘটিয়ে অবশেষে রোনাল্ডো ও জর্জিনা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us