
কলকাতা : গতকালই পালন হয়েছে মোহনবাগান ক্লাবের অনুষ্ঠান মোহনবাগান দিবস। প্রতিবছর ২৯ জুলাই হয় এই অনুষ্ঠান। তবে, এবার প্রথার বদল ঘটিয়ে দুই দিন ধরে হচ্ছে অনুষ্ঠান। এর মধ্যেই জানা গিয়েছে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস নিয়েও। ময়দানের চিরাচরিত প্রথা মেনেই ১ আগস্ট পালিত হবে ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। এই নিয়ে ১০৭তম বছরে পড়বে লাল-হলুদ। এই অনুষ্ঠানে রয়েছে বেশ কিছু চমক।
অভিনেতা প্রসেনজিৎ বিশেষ সম্মান পেতে চলেছেন ক্লাবের তরফ থেকে। তালিকায় রয়েছেন বিশিষ্ট পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এবার ‘ভারত গৌরব’ পুরস্কার পেতে চলেছেন সুরকার প্রীতম চক্রবর্তী, বিশিষ্ট অর্থনীবিদ সঞ্জীব সান্যাল প্রমুখ। ১ আগস্ট নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে এই প্রতিষ্ঠা দিবস। সূত্রের খবর, এই অনুষ্ঠানে আসবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ১ আগস্ট বিকেল ৫টা থেকে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সুপার অ্যাচিভার পুরস্কার পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক্সেলেন্স ইন মুভি পুরস্কার পেতে চলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন আনোয়ার আলি ও সাথী দেবনাথ। সেরা কোচ হচ্ছেন বিনো জর্জ। সেরা উঠতি ফুটবলারের সম্মান পাচ্ছেন এডমুন্ড লালরিন্ডিকা। সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হবে ঋতম পোড়েলকে। জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন বলাই মুখোপাধ্যায় ও তরুণ দে। সেরা সাংবাদিক পুরস্কার দেওয়া হবে বিক্রান্ত গুপ্তাকে। এর পাশাপাশি ওই অনুষ্ঠানে নিজের পুরো দল নিয়ে থাকবেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
সূত্রের খবর, ১ আগস্ট সকাল সাড়ে ১১টা নাগাদ ক্লাব তাঁবুতে ক্লাবের প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, নসা সেন ও শৈলেশ বসুর মূর্তিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করবে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্লাবের পতাকা উত্তোলনও করা হবে। এর পরেই বিকেল ৫টা থেকে মূল অনুষ্ঠান শুরু হবে, যেখানে পুরস্কার ও সম্মান দেওয়া হবে ক্রীড়া ও বিনোদন জগতের বিশেষজ্ঞদের।