
কলকাতা: ২০২৬ সালে আইএসএলে জিতে AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এ খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। দিন কয়েক আগেই কুয়েতের ক্লাব আল আরবিকে ৪-১ গোলে হারিয়ে মূলপর্বে খেলছে লাল-হলুদ। চ্যাম্পিয়ন্স লিগ ২-তে গ্ৰুপ ডি-তে রয়েছে রশিদ-আনোয়াররা। তবে এবার জানা গেল মূলপর্বে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা। আজ, মঙ্গলবার ছিল চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ড্র। সেখানেই জানা গিয়েছে লাল-হলুদের ৩ প্রতিপক্ষের নাম।
চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূলপর্বে ইস্টবেঙ্গল খেলবে জর্ডনের দল আল হুসেন, ইরাকের দল আল শোরতা ও ওমানের দল আল সিবের বিরুদ্ধে। এই ড্রতে নাম উঠেছিল মত ৩২টি দলের। পূর্ব ও পশ্চিম – এশিয়াকে এই দুই জোনে ভাগ করে ১৬টি করে দলকে নিয়ে মোট ৪টি গ্ৰুপ করা হয়েছে। অর্থাৎ, ৩২টি দলকে ভাগ করা হবে ৮টি গ্ৰুপে। পশ্চিমাঞ্চলের দলগুলি থাকবে A-D গ্রুপে। পূর্বাঞ্চলের দলগুলিকে রাখা হবে E-H গ্রুপে। এরপর প্রতিটি দলকে নিজেদের গ্ৰুপে থাকা বাকি ৩টি দলের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ফরম্যাটে মোট ৬টি করে ম্যাচ খেলতে হবে।
গ্ৰুপে লাল-হলুদের সঙ্গে খেলবে আল হুসেন, আল শোরতা ও আল সিব। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্ৰুপ পর্বের ম্যাচ। সেই ম্যাচ চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। রাউন্ড অফ ১৬-তে ম্যাচ হবে ৯-১৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে। এরপর কোয়ার্টার ফাইনালের খেলাগুলি হবে ২ থেকে ১৮ মার্চ অবধি। সেমি ফাইনাল হবে ৬ থেকে ১৪ এপ্রিলের মধ্যে। ফাইনাল ম্যাচ হবে ১৫ মে ২০২৭-এ। নক-আউট পর্বের ড্র অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর ২০২৬-এ।
গত বছর আইএসএল জেতার ফলে একমাত্র ভারতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলছে লাল-হলুদ। দিন কয়েক আগেই যুবভারতীতে যোগ্যতা অর্জন ম্যাচে ০-১ পিছিয়ে থেকেও ৪-১ জয় পেয়েছেন আনোয়াররা। তবে, এবার এশিয়া মঞ্চে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এর আগে এএফসি ম্যাচ খেলার সময় ইরান ম্যাচের সময় দল তুলে নেয় মোহনবাগান। সেই নিয়ে চরম বিতর্ক হয়েছিল। তবে এবার ইস্টবেঙ্গল ৩ দেশেই খেলতে যাবে, এমনই আশা সমর্থকদের।