FIFA World Cup 2026: ইরানকে দমাতে কোপ আমেরিকার! সমর্থকদের টিকিট বাতিল, দেশে ঢুকতে পারলেন না সোমালিয়ার রেফারি!

Iran Football Team: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, যেখানে ইরান লস অ্যাঞ্জেলেসে গ্রূপ জি-র প্রথম দুটি ম্যাচ খেলবে - ১৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও ২১ জুন বেলজিয়ামের বিরুদ্ধে। এরপর ২৬ জুন সিয়াটলে তারা মিশরের মুখোমুখি হবে।

FIFA World Cup 2026: ইরানকে দমাতে কোপ আমেরিকার! সমর্থকদের টিকিট বাতিল, দেশে ঢুকতে পারলেন না সোমালিয়ার রেফারি!
ইরান ফুটবল দল।Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Jun 09, 2026 | 7:34 PM

কলকাতা : আমেরিকা কি ইরানের পিছু ছাড়বে না? একেই নানাভাবে ইরানকে দমানোর চেষ্টা করছে আমেরিকা প্রশাসন। এবার আবার ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। ইরানের ফুটবল ফেডারেশন আজ জানিয়েছে, বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে তাদের টিকিট বাতিল করা হয়েছে। এর ফলে, যেসব ইরানের সমর্থক ইতিমধ্যেই খেলা দেখার জন্য আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন, তাঁরা দলের ম্যাচগুলোতে থাকতে পারবেন না মাঠে।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ, যেখানে ইরান লস অ্যাঞ্জেলেসে গ্রূপ জি-র প্রথম দুটি ম্যাচ খেলবে – ১৫ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ও ২১ জুন বেলজিয়ামের বিরুদ্ধে। এরপর ২৬ জুন সিয়াটলে তারা মিশরের মুখোমুখি হবে। একটি বিবৃতিতে ইরানের ফেডারেশন জানিয়েছে, তারা ইতিমধ্যেই ম্যাচগুলোর জন্য টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু করে দিয়েছিল, কিন্তু এখন আর সমর্থকদের টিকিট দিতে পারছে না।

তারা বিবৃতিতে আরও বলেছে, “বহু ইরানি সমর্থক ম্যাচ দেখার জন্য যাবতীয় পরিকল্পনা সেরে ফেলেছিলেন। ইরানের সমর্থকদের টিকিট দেওয়া থেকে বঞ্চিত করা বিশ্বকাপের যাবতীয় নীতির ও অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সমতার পরিপন্থী। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হওয়ার আগেই তাতে রাজনীতির ছাপ লেগে গেল। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটা দেশ তাদের মোট টিকিটের ৮% পেয়ে থাকেন, যা তাঁরা সমান ভাবে বন্টন করেন। এফএফআইআরআই (FFIRI) নির্দিষ্ট করে বলেনি যে টিকিট আটকে রাখার সিদ্ধান্ত কার। তবে তারা ফিফাকে জানিয়েছে, ফিফা যেন নিরপেক্ষতা ও প্রতিষ্ঠিত নিয়মকানুন মেনে চলেন।

গতকালই বিশ্বকাপের প্রস্তুতি সারতে মেক্সিকো পৌঁছে গিয়েছে ইরান। আমেরিকা ইরানকে হুঁশিয়ারি দিয়েছে, ম্যাচ খেলার ২৪ ঘন্টার মধ্যে যেন আমেরিকা ছেড়ে আবার মেক্সিকোতে ফিরে আসে ইরান। আবার যেন ম্যাচ খেলতে আমেরিকা যায়। অর্থাৎ, ইরানকে নিজেদের আঙুলে নাচতে একপ্রকার বাধ্য করছে আমেরিকা। একই সঙ্গে তারা নির্দেশ দিয়েছে সোমালিয়ার রেফারিকে নিয়েও।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না সোমালিয়ার রেফারি ওমর আব্দুল কাদির কার্টান। ফিফার পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। যদিও, মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস তাঁকে মায়ামিতে নামার পর অতিরিক্ত পরীক্ষা করে জানান, তিনি স্বাস্থ্যের কারণে অযোগ্য। তবে মনে করা হচ্ছে, ট্রাম্প সরকার যে ৩৯টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, তার মধ্যে রয়েছে সোমালিয়া। আর সেই কারণেই সোমালিয়ার শ্রেষ্ঠ রেফারিকে আমেরিকায় ঢুকতে দিল না মার্কিন প্রশাসন। এবং এখানেই প্রশ্ন উঠছে ফিফার ভূমিকা নিয়ে। কেন, আমেরিকার ‘কঠোর’ নিয়মের বিরোধিতা করল না ফিফা, জানতে চাইছেন সমর্থকরা।

Follow Us