Gianni Infantino: সমর্থন করাতে ব্ল্যাকমেলের অভিযোগ, জর্ডন কর্তার অভিযোগে বিপাকে ফিফা প্রধান!

FIFA: ইতিমধ্যেই ইনফান্তিনোর সমর্থনে ভাটা পড়তে চলেছে। ইংল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড ও সার্বিয়ার পর এবার গ্রিসও সমর্থন তুলে নিয়েছে বলে জানানো হয়েছে। ইউরোপের আরও কয়েকটি দেশ এবং কনকাকাফ অঞ্চলের দেশগুলিও একই পথে হাঁটছে বলে জানানো হয়েছে।

Gianni Infantino: সমর্থন করাতে ব্ল্যাকমেলের অভিযোগ, জর্ডন কর্তার অভিযোগে বিপাকে ফিফা প্রধান!
ইনফান্তিনোImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 05, 2026 | 4:13 PM

কলকাতা: ইদানিং সময়টা খুব খারাপ যাচ্ছে ইনফান্তিনোর। একাধিক বিতর্কে তোলপাড় ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন জর্ডন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্ আলি বিন আল-হোসেন। তাঁর দাবি, ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন না দিলে জর্ডন ফুটবল সংস্থার আর্থিক সহায়তা আটকে দেওয়ার হুমকি দিয়েছিল ফিফা। প্রিন্স আলির অভিযোগ, এটি কার্যত ব্ল্যাকমেল করার সামিল।

২০১৬ সালে ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন প্রিন্স আলি। বর্তমানে তিনি ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশনের প্রধানও। সোশ্যাল মিডিয়া এক্স-এ তিনি এক দীর্ঘ বিবৃতিতে তিনি ফিফার বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, ২০২৫ সালের কাতার আরব কাপের ফাইনালে ওঠার পর এখনও তাঁদের খেলোয়াড়রা প্রাপ্য টাকা পাননি। তাঁর কথায়,“আমরা ডিসেম্বর থেকে প্রাপ্য ওঠার জন্য অপেক্ষা করছি কিন্তু এখনও কোনও টাকা পাইনি। অথচ ফিফা বলছে তাদের রিজার্ভে নাকি কোটি কোটি ডলার রয়েছে। ২০২৬ বিশ্বকাপে অনেক সমর্থক টিকিট কাটার পরেও ভিসা পাননি।”

প্রিন্স আলি আরও গুরুতর অভিযোগ করে বলেন যে, বিশ্বকাপ চলাকালীন তাঁরা যদি ইনফান্তিনোকে সমর্থন করেন, তাহলে জর্ডন ফুটবল সংস্থার বিভিন্ন সমস্যার সমাধানে ফিফা সাহায্য করবে। তাঁর বক্তব্য,“আমরা জর্ডানে নৈতিক মূল্যবোধে বিশ্বাস করি। আগে যেমন ইনফান্তিনোকে সমর্থন করিনি, পরেও করব না। এই পুরো ঘটনাটিই ব্ল্যাকমেল।”

ইতিমধ্যেই ইনফান্তিনোর সমর্থনে ভাটা পড়তে চলেছে। ইংল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড ও সার্বিয়ার পর এবার গ্রিসও সমর্থন তুলে নিয়েছে বলে জানানো হয়েছে। ইউরোপের আরও কয়েকটি দেশ এবং কনকাকাফ অঞ্চলের দেশগুলিও একই পথে হাঁটছে বলে জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ক্রমাগত বেড়ে চলা এই সংকট মকালবিলায় বুধবার মরোক্কোর রাজধানী রাবাতে ফিফার শীর্ষ কর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইনফান্তিনো। যদিও, প্রিন্স আলির অভিযোগের বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Loading...
Unable to load recommendations.
Follow Us