FIFA WC 2026: ভারতে কি দেখা যাবে না ২০২৬ ফিফা বিশ্বকাপ? সম্প্রচার স্বত্ব নিয়ে বড় আপডেট দিল ফিফা!

FIFA : ইতিমধ্যেই বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে। ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের আবেদন জানিয়ে করা একটি পিটিশনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীকে নোটিস পাঠিয়েছে। শোনা গিয়েছে, বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে শুনানি হবে।

FIFA WC 2026: ভারতে কি দেখা যাবে না ২০২৬ ফিফা বিশ্বকাপ? সম্প্রচার স্বত্ব নিয়ে বড় আপডেট দিল ফিফা!
FIFA World Cup 2026 Broadcasting Rights in India: FIFA Issues Fresh Update Amid Uncertainty.Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

May 14, 2026 | 4:24 PM

কলকাতা : ফিফা বিশ্বকাপ ২০২৬ (Fifa World Cup 2026) কি আদৌ ভারতে সম্প্রচার করা হবে ? ভারতের ফুটবল সমর্থকরা আদৌ বিশ্বকাপ দেখতে পারবেন কি না, এই বিষয়ে ইতিমধ্যেই ফিফা (FIFA) একটি আপডেট দিয়েছে। আদৌ ফিফা বিশ্বকাপ টিভিতে বা কোন ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) দেখানো হবে, এই বিষয়ে কোনও কিছুই জানেন না ভক্তরা।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত হবে। আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। তবে, ভারতের জন্য এখনও কোনও অফিশিয়াল ব্রডকাস্টার বা সম্প্রচারকারীর নাম ঘোষণা করা হয়নি। সংবাদমাধ্যমকে একটি বিবৃতিতে ফিফা নিশ্চিত করেছে যে ভারতে মিডিয়া স্বত্ব বিক্রির বিষয়ে আলোচনা এখনও চলছে। ফুটবলের সবথেকে বড় এই লড়াইয়ের আগে ফিফা জানিয়েছে,”ফিফা ইতিমধ্যেই ১৮০টি দেশএর সম্প্রচারকদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপের মিডিয়া স্বত্ব বিক্রির বিষয়ে ভারতে আলোচনা চলছে ও এই মুহূর্তে কিছুই আমরা প্রকাশ করতে চাই না। আমরা চাই ভারতেও বিশ্বকাপ দেখানো হোক।”

ইতিমধ্যেই বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে। ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের আবেদন জানিয়ে করা একটি পিটিশনের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীকে নোটিস পাঠিয়েছে। শোনা গিয়েছে, বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে শুনানি হবে।

তবে সম্প্রচার স্বত্ব নিয়ে এই অনিশ্চয়তা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। টুর্নামেন্ট শুরু হতে বাকি আর এক মাস। ভারতের পাশাপাশি চিনের সঙ্গেও এখনও চুক্তি সাক্ষর করা সম্ভব হয় নি। শোনা গিয়েছে, ফিফা কর্তারা ইতিমধ্যেই বেজিং সফরের কথা ভাবছেন। ভারতীয় ফুটবল ভক্তদের জন্য ফিফার সাম্প্রতিক বিবৃতি ইঙ্গিত দেয় যে আলোচনা এখনও সক্রিয় রয়েছে, যদিও দেশে কোন ব্রডকাস্টার বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই প্রতিযোগিতা টেলিকাস্ট করবে সে বিষয়ে কোনও খবর নেই। যদিও, এই বিশ্বকাপ অন্য কারণেও গুরুত্বপূর্ণ, কারণ এই বিশ্বকাপে প্রথমবারের জন্য ৪৮টি দেশ অংশগ্রহণ করবে। কিন্তু এই বিশ্বকাপ যদি ভারতে সম্প্রচার না করা হয়, তাহলে ফিফার পাশাপাশি বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হবেন দর্শকরাও।

Follow Us