
কলকাতা : আর বাকি মাত্র ১০ দিন। তারপরেই বিশ্বমঞ্চে লড়াইয়ে নামবেন বিভিন্ন দেশের ফুটবল তারকারা। শেষবারের জন্য মেসি, রোনাল্ডো, নেইমার, লেওয়ানডস্কি-কে দেখতে রাত জাগবেন সমর্থকরা। দিন দু’য়েক আগেই ২৬ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এই দলে রয়েছেন ২০২২ এর বিশ্বজয়ী স্কোয়াডের ১৭ জন ফুটবলার। এছাড়াও দলে সুযোগ পেয়েছেন অনেক তরুণ ফুটবলাররাও। তবে আর্জেন্টিনার বিশ্বজয়ের এই অভিযানে বড় শক্তির পাশাপাশি কিছু চিন্তার জায়গাও রয়েছে।
মূল শক্তি:
১ – অধিনায়ক লিওনেল মেসি এই নিয়ে তাঁর কেরিয়ারে ষষ্ঠতম বার বিশ্বকাপে খেলবেন। তাঁর উপরে ভরসা থাকবে আর্জেন্টাইন সমর্থকদের। এর পাশাপাশি ইন্টার মিলানের হয়ে দারুন ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ ও অ্যাটলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজের উপস্থিতি প্রতিপক্ষের ডিফেন্সের উপর চাপ বাড়ানোর জন্য যথেষ্ট।
২ – রদ্রিগো ডি’পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার – এই ত্রিফলা আক্রমণ মাঝমাঠের মূল চালিকাশক্তি। তিনজনেই বিশ্বজয়ী ২০২২ সালের সদস্য। এঁদের ব্যাক আপ হিসেবে রয়েছেন লো চেলসো ও পারাদেস, ফলে মিডফিল্ডে গভীরতা অনেক বেশি।
৩ – রক্ষণে ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ জুটিকে বর্তমানে বিশ্বের সেরা হিসেবে ধরা হচ্ছে। তবে গোলপোস্টের নিচে এমি মার্টিনেজের উপস্থিতি পুরো দলকেই বাড়তি আত্মবিশ্বাস যোগায়।
দুর্বলতা ও চিন্তা :
১ – বিশ্বকাপ শুরুর মুখে সবথেকে বড় দুশ্চিন্তা ফুটবলারদের ফিটনেস। মেসি নিজেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। আদৌ তিনি প্রথম ম্যাচে খেলবেন কিনা, নিশ্চিত নন স্কালোনি। হাতের অনামিকার আঙ্গুল ভেঙেছে এমিলিয়ানোর, ফলে প্রথম ম্যাচের আগে চিন্তা বাড়ছে আর্জেন্টিনার।
২ – ডি মারিয়ার অভাবও এই বার দলের জন্য বড় ধাক্কা। যেভাবে তিনি আর্জেন্টিনাকে বহু ম্যাচ বের করে এনেছেন, তা সত্যিই দেখার মতো। কিন্তু তাঁর মতো গতিশীল উইঙ্গার এইবার দলে না থাকার ফলে চাপে পড়বে আর্জেন্টিনা।
৩ – অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির বয়স বাড়ায় গতি কমেছে। এই মুহূর্তে গতিময় প্রতিপক্ষের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকে সাইডব্যাকরা কতটা সুবিধে করতে পারবে, তা নিয়ে প্রশ্ন থাকছে। দলে রয়েছেন একগাদা তরুণ প্লেয়ার, যাঁরা এই প্রথম বিশ্বকাপের মঞ্চে নামবেন। ফলে, প্রেসার ম্যাচে তাঁদের নার্ভ ফেল করা অস্বাভাবিক নয়।
২০২২ সালের মতোই এবারেও দলের অধিনায়ক মেসি। ২০০৬ থেকে ২০২৬ – ৬ বার বিশ্বকাপে নামবেন তিনি। তাঁর মতোই তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও এটা ৬ নম্বর বিশ্বকাপ। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এছাড়াও মেসিদের গ্ৰুপে রয়েছে অস্ট্রিয়া ও জর্ডন। বিশ্বকাপে একমাত্র অস্ট্রিয়া ম্যাচই ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচ ভোর সাড়ে ৬টা ও জর্ডনের বিরুদ্ধে ম্যাচ সকাল সাড়ে ৭টা। তবে এবারেও কি বিশ্বকাপ ঘরে তুলতে পারবেন চ্যাম্পিয়নরা, সেদিকেই তাকিয়ে অসংখ্য মেসি ভক্ত।