ISL : জরিমানা বহাল, শাস্তি কমল অর্ধেক। বাগানকে স্বস্তি এআইএফএফের!

এসবের মধ্যেই আবার সমর্থকদের উপহার দিলেন মোহনবাগান দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। প্রতিবছর, একটি করে হোম ম্যাচ তিনি দর্শকদের নিখরচায় দেখার সুযোগ করে দেন। এবারেও তার অন্যথা হয়নি। দর্শকদের জন্য আগামী ওড়িশা ম্যাচ নিখরচায় দেখার সুযোগ দিলেন গোয়েঙ্কা।

ISL : জরিমানা বহাল, শাস্তি কমল অর্ধেক। বাগানকে স্বস্তি এআইএফএফের!
Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Mar 04, 2026 | 1:04 PM

কলকাতা : হোলি মানেই রঙের উৎসব। এই রঙের উৎসবেই ভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে বিবাদ চরমে পৌঁছে গেল মোহনবাগান সুপারজায়েন্টের। গতকালই AIFF এর তরফে বাগান ম্যানেজমেন্টকে জানানো হয়, কেরালা ম্যাচে হওয়া অভব্যতার জন্য বাগানকে চোকাতে হবে বড় মূল্য। আর্থিক জরিমানার পাশাপাশি দর্শকশূন্য মাঠে খেলতে হবে আগামী হোম ম্যাচ। এই নিয়েই সংঘাত চরমে পৌঁছে যায়। বাগানের পরবর্তী হোম ম্যাচ ওড়িশা এফসির বিরুদ্ধে, আগামী শুক্রবার। সেই ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলতে হত দিমি পেত্রাতোস, জেসন কামিংসদের। তবে রাতের দিকে অবস্থার পরিবর্তন হয়ে বাগানকে স্বস্তি দিয়েছে AIFF ।

মঙ্গলবার দুপুরে মোহনবাগানের তরফে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেওয়া হয়,”কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে সমর্থকদের দুর্ব্যবহারের অভিযোগ ও প্রমান পাওয়া গিয়েছে। সেই জন্য ক্লাবকে জরিমানা করা হয়েছে। ক্লাব জরিমানা মেনেও নিয়েছে। এছাড়াও সর্বভারতীয় ফুটবল সংস্থা আগামী ওড়িশা ম্যাচের দিন স্টেডিয়াম বন্ধ করে ম্যাচ করার নির্দেশ দিয়েছে।” এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বাগান সমর্থকরা। কয়েক ঘন্টার মধ্যেই AIFF জানিয়ে দেয়, গত সিজনে বেঙ্গালুরু ম্যাচে বাগান সমর্থকদের ছোঁড়া বাজির ফলে আহত হন বেশ কিছু বেঙ্গালুরু সমর্থক। তখনই সর্বভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সবুজ-মেরুনকে সতর্ক করে দিয়ে বলেছিল, আবার একই ঘটনা ঘটলে আর্থিক জরিমানার পাশাপাশি এক ম্যাচ দর্শকশূন্য মাঠেও খেলতে হবে বাগানকে। একই জিনিস গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও ঘটেছিল। তাই শাস্তির কথা বলা হয়। তবে রাতের দিকে জানানো হয়, সম্পূর্ণ স্টেডিয়াম বন্ধ করে খেলার বদলে স্টেডিয়াম আংশিক খোলা থাকবে। অর্ধেক সমর্থক মাঠে গিয়ে দলকে সমর্থন করতে পারবেন।

ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি এম সত্যনারায়ণ বলেছেন,”মঙ্গলবার সকালে মোহনবাগান দল এই সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানিয়েছে। সমর্থকরা অবশ্যই কোনও দলের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু একই সঙ্গে দর্শকদের সুরক্ষাও সমান জরুরি, যা নিশ্চিত করা প্রধান লক্ষ্য।” এসবের মধ্যেই আবার সমর্থকদের উপহার দিলেন মোহনবাগান দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। প্রতিবছর, একটি করে হোম ম্যাচ তিনি দর্শকদের নিখরচায় দেখার সুযোগ করে দেন। এবারেও তার অন্যথা হয়নি। দর্শকদের জন্য আগামী ওড়িশা ম্যাচ নিখরচায় দেখার সুযোগ দিলেন গোয়েঙ্কা। তিনি জানিয়েছেন, আগামী ওড়িশা ম্যাচের জন্য প্রত্যেক সমর্থককে বিনামূল্যে ২টি করে টিকিট দেওয়া হবে। এই খবরে খুশি সমর্থকরা। অর্ধেক গ্যালারিও সম্পূর্ণ ভরবে এই সিদ্ধান্তে, আশা করছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।