
কলকাতা: এখনও গলার কাঁটা হয়ে রয়েছেন ইগর স্টিমাচ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) তাঁকে ছেঁটে ফেলেছে ঠিকই, কিন্তু এখনও তাঁর সঙ্গে সমঝোতার রাস্তা পরিষ্কার হয়নি। ফেডারেশন প্রস্তাব দিয়েছে তিন মাসের বেতন তাঁকে দিয়ে দেওয়া হবে। ক্রোয়েশিয়ান কোচের সাফ বক্তব্য, ‘১০ দিনের মধ্যে আমার বকেয়া মেটাও, না হলে আইনি পথে হাঁটব।’ স্টিমাচ পালা যখন জমে উঠছে, তখন নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিল এআইএফএফ। যোগ্যতামান হিসেবে একগুচ্ছ শর্ত রাখা হয়েছে। যা পূরণ করতে পারলে তবেই কোচ বাছাই করা হবে। একটা বিষয় ফেডারেশনের বিজ্ঞপ্তিতে পরিষ্কার, দেশি নয় স্টিমাচের বদলে বিদেশি কোচই চাইছেন কর্তারা।
ফেডারেশন যে বিজ্ঞাপন দিয়েছে তাতে বলা হয়েছে, ১০-১৫ বছরের অভিজ্ঞতা যেমন থাকতে হবে, তেমনই বিশ্বকাপে কোচিং করানোর কোচেরা অগ্রাধিকার পাবেন। কন্টিনেন্টাল টুর্নামেন্ট বা মহাদেশীয় প্রতিযোগিতায় কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে, এমন কোচও আবেদন করার সুযোগ পাবেন। তবে শুধু কোচিং অভিজ্ঞতা নয়, একইসঙ্গে আবেদনকারীকে প্রাক্তন ফুটবলারও হতে হবে। সেক্ষেত্রে অবশ্য সর্বোচ্চ পর্যায়ে না খেললেও চলবে। অর্থাৎ ভারতের সিনিয়র টিমের দায়িত্ব নিতে হতে গেলে ভরপুর অভিজ্ঞতা থাকবে হবে কোচের। ন্যূনতম উয়েফা বা এএফসি প্রো লাইসেন্স থাকতে হবে।
৩ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। তারপর ফেডারেশন সেই কোচেদের তালিকায় নিয়ে বসে শর্টলিস্ট করবে। তারপর হবে ইন্টারভিউ। এরপরই বেছে নেওয়া হবে ভারতীয় সিনিয়র টিমের নতুন কোচ। ভারতের কোচ হিসেবে কত মাইনে চান? আবেদন পত্রে তাও উল্লেখ করতে হবে আবেদনকারীকে। মোদ্দা কথা, এআইএফএফ চাইছে স্টিমাচের জায়গায় নতুন কোচ হিসেবে যত দ্রুত সম্ভব বিকল্প খুঁজে নিতে। ভারতের কোচ হতে আগ্রহী অনেকেই। কিন্তু বিশ্বের সেরা কোচেরা ভারতের মতো ব়্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দেশের কোচ হতে চাইবেন কিনা, সন্দেহ আছে।