
ডার্বি নিয়ে অস্বস্তি যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। বহু আগেই সূচি তৈরি হয়েছিল। ১০ মার্চ ইন্ডিয়ান সুপার লিগের ফিরতি ডার্বি। সে দিন শাসকদলের ব্রিগেড সমাবেশ থাকায় কলকাতা ডার্বি হওয়া নিয়েই অনিশ্চয়তা ছিল। ভিন রাজ্যে কিংবা সূচি বদলেরও সম্ভাবনা ছিল। অবশেষে ঠিক হয় কলকাতাতেই কলকাতা ডার্বি হবে। এরপরও সমস্যা ছিল ম্যাচের সময় নিয়ে। দীর্ঘ আলোচনার পর অবশেষে গত কাল নিশ্চিত করা হয়েছে, রাত সাড়ে আটটায় শুরু হবে ডার্বি। এ বার অন্য এক অস্বস্তিতে ইস্টবেঙ্গল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আইএসএলে মরসুমের প্রথম ডার্বি ছিল মোহনবাগানের হোম ম্যাচ। ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। কলকাতা ডার্বির টিকিটের দাম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ইস্টবেঙ্গল গ্যালারির টিকিটের দামের তুলনায়, মোহনবাগান গ্যালারির টিকিটের দাম অনেক বেশি। সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন মোহনবাগান সমর্থকরা। সচিব দেবাশিস দত্তও এই নিয়ে ক্ষুব্ধ। পাল্টা যুক্তিও দিয়েছে ইস্টবেঙ্গল।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘এটা আমার ভাবনার বাইরে। আমাদের হোম ম্যাচের সময় ওদেরই শীর্ষকর্তারা বলেছিলেন, আমরা নাকি সাধারণের কথা ভেবে টিকিটের দাম ঠিক করিনি। এই ম্যাচে এত তারতম্য কেন। ওনারা গলা ফাটিয়ে বলেন আমরা ভিখিরি। সেই কারণেই কি নিজেদের টিকিটের দাম কমিয়ে রাখলেন, আর মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম বাড়িয়ে দিলেন? আশ্চর্য হয়ে যাচ্ছি।’
ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্টের এক কর্তার দাবি, ‘মোহনবাগান প্রথম ডার্বিতে যে টিকিটের দাম রেখেছিল, ওদের গ্যালারির জন্য সেই দামই রাখা আছে। একেবারে একরকম ভাবে সেই দাম রাখা হয়েছে। আমাদের সমর্থকদের জন্য আমাদের গ্যালারির টিকিটের দামে ছাড় দিয়েছি। যারা সারা বছর মাঠে এসে আমাদের খেলা দেখে, দলকে সমর্থন করে তাদের জন্য আমরা ছাড় দিয়েছি। এতে অন্যায় তো কিছু দেখছি না। ‘