
কলকাতা: আজ পয়লা বৈশাখ। নববর্ষের শুভ দিনে সকাল সকাল মোহনবাগান ক্লাব তাঁবুতে হাজির হয়েছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। বাংলা নববর্ষের সূচনায় ময়দানের প্রতিটি ক্লাবেই বারপুজো হয়। পাশাপাশি শতাব্দীপ্রাচীন ঐতিহ্যশালী মোহনবাগান ক্লাবের নতুন প্রবেশদ্বারের উন্মোচন হল। এই নবনির্মিত গেটটি ভারতীয় কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামীর নামাঙ্কিত। সবুজ-মেরুনের এই নতুন গেট উদ্বোধন করতে গিয়ে সুনীল গাভাসকর জানান, এই সম্মান পেয়ে তিনি গর্বিত। একইসঙ্গে চুনী গোস্বামীকে তিনি ভারতীয় ফুটবলের ডন ব্র্যাডম্যানও বলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মোহনবাগান ক্লাব তাঁবুতে চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন করতে এসে সানি বলেন, ‘সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আমি জানি আজ পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষ। আশা করি নতুন বছরটা আপনাদের সকলের খুব ভালো কাটবে। এখানে এসে ভারতের কিংবদন্তি ফুটবলার চুনীদার (চুনী গোস্বামী) নামাঙ্কিত গেটের উদ্বোধন করতে পেরে সম্মানিত বোধ করছি।’
চুনী গোস্বামীর শুধু ফুটবলেই কিংবদন্তি ছিলেন তা নয়। ক্রিকেটার চুনী গোস্বামীও সর্বজনশ্রদ্ধেয়। চুনী গোস্বামীর বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন গাভাসকর। মুম্বইয়ের বিরুদ্ধে সেই ম্যাচে ৯৬ রানের মাথায় আউট হয়েছিলেন চুনী গোস্বামী। তাঁর নামাঙ্কিত গেট উন্মোচন করতে এসে স্মৃতির পাতা উল্টে সুনীল গাভাসকর বলেন, ‘চুনীদার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে আমার খেলার সৌভাগ্য হয়েছিল। সেই ম্যাচে ৯৬ রানের মাথায় আউট হয়েছিলেন চুনীদা। আমি সেই সময় স্লিপে ছিলাম। হাফ ভলি ক্যাচ ছিল। আর সাধারণত হাফ ভলি ক্যাচ হলে সেটাকে ক্যাচ বলে ধরা হয় না। কিন্তু ওই সময় আমার দলের এক সিনিয়র ক্রিকেটার গালি থেকে আমার কাছে এসে জড়িয়ে ধরে বলেন- আমি যেন চুনীদা আউট নয়, তা নিয়ে কিছু না বলি। কারণ, ওই সময় চুনীদা ভালো ব্যাটিং করছিলেন। এরপর চুনীদাকে সেঞ্চুরি মিস করেই মাঠ ছাড়তে হয়। তা না হলে সেদিন মুম্বইয়ের বিরুদ্ধে চুনীদার সেঞ্চুরি হয়ে যেত।’
বেশ কয়েক বছর পর গাভাসকর এই বিষয়টি চুনী গোস্বামীকেও জানিয়েছিলেন। তখন চুনী বলেছিলেন, ‘তোমার বিরুদ্ধে সেঞ্চুরি করার সৌভাগ্য আমার ছিল না।’ এরপরই গাভাসকর বলেন, ‘আমি কলকাতায় এলেই ওনার সঙ্গে দেখা করতাম। আমরা একসঙ্গে সময় কাটাতাম। মিসেস গোস্বামীকে এখানে দেখে ভালো লাগছে।’
সানি আরও বলেন, ‘আমার ছেলে (রোহন গাভাসকর) বিরাট ফুটবল ভক্ত। ও যখন জানতে পারে আমাকে মোহনবাগানে চুনীদার নামে নতুন গেট উদ্বোধন করতে ডাকা হয়েছে, শুনে ও ভীষণ খুশি।’
চুনী গোস্বামীর নামে নামাঙ্কিত মোহনবাগানের নতুন গেট। (নিজস্ব চিত্র)
একটি চ্যারিটি ম্যাচ চলাকালীন অ্যাডিলেড বিমানবন্দরে ডন ব্র্যাডম্যানের সঙ্গে দেখা হওয়ার একটি স্মৃতিও শেয়ার করেছেন সুনীল গাভাসকর। সেখানে তিনি বাকি বিশ্ব একাদশের প্রতিনিধিত্ব করেছিলেন। রেস্ট অব দ্য ওয়ার্ল্ড টিমকে এয়ারপোর্টে নিতে এসেছিলেন ডন ব্র্যাডম্যান। সেই সময় তিনি সুনীল গাভাসকরের খোঁজ করেছিলেন। সে বার ডন ব্র্যাডম্যান পাকিস্তানের জাহির আব্বাস ও সুনীল গাভাসকরের সঙ্গে ছবিও তোলেন। তখন ব্র্যাডম্যান বলেন, ‘জাহির আব্বাস করাচির ব্র্যাডম্যান। সুনীল গাভাসকর ভারতের ব্র্যাডম্যান। আর মাঝে আসল ব্র্যাডম্যান।’ এরপরই সুনীল গাভাসকর বলেন, ‘চুনীদা ভারতীয় ফুটবলের ডন ব্র্যাডম্যান।’ এরপর ‘জয় মোহনবাগান’ বলে বক্তব্য শেষ করেন সুনীল গাভাসকর।
প্রসঙ্গত, মোহনবাগানের অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক জয়ন্ত চক্রবর্তী আচমকাই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।