Subhash Bhowmick: অসুস্থ সুভাষ ভৌমিকের পাশে ক্রীড়ামহল

সুভাষ অসুস্থ, এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে ফুটবলমহল। ফুটবলার জীবন শেষ করার পর দ্রুত কোচিংয়ে চলে এসেছিলেন তিনি। ভারতীয় টিমের কোচিংও করিয়েছেন। মোহনবাগানের কোচ হিসেবে ময়দানে আত্মপ্রকাশ তাঁর। সাফল্য পেয়েছিলেন ইস্টবেঙ্গলে এসে।

Subhash Bhowmick: অসুস্থ সুভাষ ভৌমিকের পাশে ক্রীড়ামহল
Subhash Bhowmick: অসুস্থ সুভাষ ভৌমিকের পাশে ক্রীড়ামহল (pic courtesy - Indian Football Team Twitter)

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 21, 2022 | 9:00 PM

কলকাতা: ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan) এবং ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার এবং আশিয়ান কাপজয়ী কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick) দীর্ঘদিন অসুস্থ। সুগার এবং কিডনির অসুখে ভুগছেন। প্রায় সাড়ে তিন মাস নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছে তাঁকে। প্রায় বছর কুড়ি আগে বাইপাস সার্জারি হয়েছিল সুভাষের। সপ্তাহ দুয়েক আগে বুকে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন একবালপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। তবে পরিবার সূত্রে খবর, কিছুটা ভালো আছেন সুভাষ। চিকিত্‍সায় সাড়াও দিচ্ছেন। তবে পুরো সুস্থ হতে সময় লাগবে প্রাক্তন কোচের।

সুভাষের ভবিষ্যৎ চিকিৎসার পরিকল্পনা নিয়ে একটি জরুরী সভা হয় শুক্রবার বিকেলে, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ঘরে। সভায় উপস্থিত ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্যের মতো প্রাক্তন ফুটবলাররা। এ ছাড়া ছিলেন আইএফএর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত, মহমেডানের কার্যকরী প্রেসিডেন্ট কামারউদ্দিন, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। একটি বেসরকারি হাসপাতালের ডিরেক্টর সহ তাঁর মেডিকেল টিম এবং সুভাষের ছেলে অর্জুন ভৌমিককেও ডাকা হয়েছিল।

জানা গিয়েছে, সুভাষ এখন যে নার্সিংহোমে আছেন, সেখান থেকে স্থানান্তরিত করা হবে অন্য হাসপাতালে। সেখানেই হবে তাঁর পরবর্তী চিকিৎসা। যা পরিস্থিতি, তাতে কিডনি প্রতিস্থাপন করাতে হবে সুভাষের। যা বেশ খরচসাপেক্ষ। তাই ওই জরুরী সভায় ঠিক হয়েছে, আইএফএ সহ কলকাতা তিন প্রধান পাশে দাঁড়াবে সুভাষের। পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। ইতিমধ্যে প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিকের চিকিৎসার জন্য চল্লিশ হাজার টাকার ওষুধ ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে।

সুভাষ অসুস্থ, এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে ফুটবলমহল। ফুটবলার জীবন শেষ করার পর দ্রুত কোচিংয়ে চলে এসেছিলেন তিনি। ভারতীয় টিমের কোচিংও করিয়েছেন। মোহনবাগানের কোচ হিসেবে ময়দানে আত্মপ্রকাশ তাঁর। সাফল্য পেয়েছিলেন ইস্টবেঙ্গলে এসে। ২০০৩ সালে ইস্টবেঙ্গলকে আশিয়ান কাপ চ্যাম্পিয়ন করেছিলেন। পর পর দু’বছর সুভাষের কোচিংয়েই আই লিগ জিতেছিল লাল-হলুদ। এর পর মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখা গিয়েছে তাঁকে। বাইচুং ভুটিয়া থেকে শুরু করে সুনীল ছেত্রী, আলভিটো ডি’কুনহা, দেবজিত্‍ ঘোষের মতো প্রাক্তনরা খেলেছেন তাঁর কোচিংয়ে। তাঁদের প্রিয় কোচ অসুস্থ শুনে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্ররা।

Loading...
Unable to load recommendations.
Follow Us