Hockey World Cup: পাকিস্তান বধের পর লক্ষ্য ২য় রাউন্ড, জিতেও অতৃপ্ত ভারত অধিনায়ক হরমনপ্রীত!

IND vs PAK: হরমনপ্রীত ও অভিষেক সিং-এর জোড়া গোল ও হার্দিক সিংয়ের পেনাল্টি কর্নার থেকে করা গোলে ৫ গোল করে ভারত। পাকিস্তানের হয়ে হান্নান শাহিদ জোড়া গোল করেন ও সুফিয়ান খান পেনাল্টি কর্নার থেকে গোল করেন। এই জয়ের ফলে ভারতের সামনে সমূহ সুযোগ বিশ্বকাপের ২য় রাউন্ডে যাওয়ার।

Hockey World Cup: পাকিস্তান বধের পর লক্ষ্য ২য় রাউন্ড, জিতেও অতৃপ্ত ভারত অধিনায়ক হরমনপ্রীত!
ভারত বনাম পাকিস্তানImage Credit source: X/@PravatiPOdisha

| Edited By: Moumita Das

Aug 20, 2026 | 11:58 AM

নয়াদিল্লি : ক্রিকেট হোক বা ফুটবল বা অন্য যেকোনও বিভাগ – ভারত বনাম পাকিস্তান মানেই উত্তেজনা, স্নায়ুর যুদ্ধের এক গোপন লড়াই। এবার সেই লড়াইয়ের আঁচ এসে পড়ল হকির মঞ্চেও। বুধবার, রাতে হকির বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারাল ভারত। এই জয়ের ফলে একদিকে যেমন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপরাজিত থাকার রেকর্ড বাড়ল, তেমনই গ্ৰুপ ডি-এর লড়াইয়ে এখনও ভেসে রইলেন হরমনপ্রীতরা।

ম্যাচের শুরু থেকেই ভাল খেলছিল ভারত। একসময় ৩-০ গোলে এগিয়ে যায় ভারত। এরপর পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে ৩-১ করে। পরে ভারত ৪-২ গোলে এগিয়ে গেলেও পাকিস্তানও মরিয়া লড়াই চালায়। শেষ কোয়ার্টারে আরও একটি গোল করে ৫-৩ গোলে ম্যাচ জিতে নেয় ভারত। ভারতের হয়ে হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে ২টি গোল করেন। জয় পেলেও নিজেদের পারফরম্যান্সে পুরোপুরি খুশি নন ভারতের ক্যাপ্টেন। তাঁর কথায়, “সুযোগ নষ্ট হলে ঠিক আছে কিন্তু ডিফেন্সের ভুল মানা যায় না। ডিফেন্সে বেশ কিছু ভুল হয়েছে তবে সেগুলো শুধরে নেওয়া যাবে।”

ম্যাচে বলের পজেশন বা নিয়ন্ত্রণ রাখতে না পারা নিয়েও উদ্বেগে ভারত ক্যাপ্টেন। তাঁর কথায়, “আমরা দলে আলোচনা করেছি, যদি আমরা বিপক্ষ বক্সের ২৫ মিটার দূরত্বে বলের কন্ট্রোল পাই, তবে আমাদের বল নিয়ন্ত্রণে রাখতে হবে। আমরা কিছু সাধারণ ভুল করছি যা এড়িয়ে চলা সম্ভব। গত ২টি ম্যাচেই আমরা তৃতীয় কোয়ার্টারে যাবতীয় ভুল করছি, এই ভুলগুলো করা বন্ধ করতে হবে।”

যদিও হরমনপ্রীত ও অভিষেক সিং-এর জোড়া গোল ও হার্দিক সিংয়ের পেনাল্টি কর্নার থেকে করা গোলে ৫ গোল করে ভারত। পাকিস্তানের হয়ে হান্নান শাহিদ জোড়া গোল করেন ও সুফিয়ান খান পেনাল্টি কর্নার থেকে গোল করেন। এই জয়ের ফলে ভারতের সামনে সমূহ সুযোগ বিশ্বকাপের ২য় রাউন্ডে যাওয়ার। এই গ্ৰুপে এছাড়াও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলস। এই পাকিস্তান ম্যাচ জিতে বিশ্বকাপের ২য় রাউন্ডে অনেকটাই নিশ্চিত হয়ে গেল হরমনপ্রীতদের নাম।

Loading...
Unable to load recommendations.
Follow Us