Indian Athlete: কমনওয়েলথ গেমস শেষ হতেই সুখবর, পদকজয়ী ক্রীড়াবিদদের পুরস্কারের অর্থ বাড়াল কেন্দ্র

CWG 2026: সরকারের দাবি, এই সংশোধিত পুরস্কার নীতি দেশের ক্রীড়াবিদদের আরও অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সাফল্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর মাধ্যমে খেলোয়াড়রা আরও বেশি করে খেলাধুলোর দিকে ঝুঁকবে বলে আশা করছে কেন্দ্রীয় মন্ত্রক।

Indian Athlete: কমনওয়েলথ গেমস শেষ হতেই সুখবর, পদকজয়ী ক্রীড়াবিদদের পুরস্কারের অর্থ বাড়াল কেন্দ্র
অঙ্কুশ পাঙ্ঘালImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 03, 2026 | 12:25 PM

নয়াদিল্লি : গতকালই শেষ হয়েছে কমনওয়েলথ গেমস। মোট ৩৯টি পদক নিয়ে পদক তালিকার চতুর্থ স্থানে শেষ করেছে ভারত। মোট ১৩টি সোনা, ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ পদক জিতেছেন দেশের ক্রীড়াবিদরা। এবার ভারতীয় ক্রীড়াবিদদের উৎসাহ দিতে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় পদকজয়ীদের জন্য নগদ পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। নতুন নীতিতে অলিম্পিক, প্যারালিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যুব প্রতিযোগিতা ও প্যারা স্পোর্টস – সব ক্ষেত্রেই পদকজয়ীদের জন্য নতুন পুরস্কার তালিকা ঘোষণা করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, অলিম্পিক ও প্যারালিম্পিকে সোনা জিতলে দেওয়া হবে ১ কোটি টাকা। রুপোজয়ীদের জন্য পুরস্কার ৭৫ লক্ষ টাকা ও ব্রোঞ্জজয়ীদের জন্য দেওয়া হবে ৫০ লক্ষ টাকা। চার বছর অন্তর আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে মিলবে ৮০ লক্ষ টাকা। এর সঙ্গেই প্রতি বছর আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলে পুরস্কার দেওয়া হবে ৫০ লক্ষ টাকা। এশিয়ান গেমসে সোনা জিতলে ৫০ লক্ষ টাকা, রুপো জিতলে ৩০ লক্ষ ও ব্রোঞ্জ জিতলে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। কমনওয়েলথ গেমসের সোনাজয়ীরা পাবেন ২৫ লক্ষ টাকা, রুপোজয়ীরা পাবেন ১৫ লক্ষ ও ব্রোঞ্জজয়ীরা পাবেন ১০ লক্ষ টাকা।

শুধু সিনিয়র নয়, তরুণ ক্রীড়াবিদদের জন্যও পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্র। যুব অলিম্পিকে পদকজয়ীরা পাবেন ১৫ থেকে ২৫ লক্ষ টাকা অবধি। যুব এশিয়ান গেমস ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের পদকজয়ীরা পাবেন সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা। দাবায় আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করলে ১ কোটি টাকা ও আন্তর্জাতিক মাস্টার হলে ৭৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। প্যারা স্পোর্টসকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। প্যারালিম্পিক, প্যারা এশিয়ান গেমস ও প্যারা কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের জন্য বড় অঙ্কের পুরস্কার দেবে কেন্দ্র। একই সঙ্গে দৃষ্টিহীন ও শ্রবণহীন প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ পুরস্কার দেবে কেন্দ্রীয় সরকার।

সরকারের দাবি, এই সংশোধিত পুরস্কার নীতি দেশের ক্রীড়াবিদদের আরও অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের সাফল্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর মাধ্যমে খেলোয়াড়রা আরও বেশি করে খেলাধুলোর দিকে ঝুঁকবে বলে আশা করছে কেন্দ্রীয় মন্ত্রক।

Loading...
Unable to load recommendations.
Follow Us