
ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন বিনেশ ফোগাট। প্যারিসে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠে ইতিহাস গড়েন। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে ফাইনাল নিশ্চিত করেন বিনেশ ফোগট। যদিও বুধবার হতাশা অপেক্ষা করছিল। ওজনের কারণে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। ফাইনালের আগে তাঁর ওজন দেখা যায় ৫০ কেজি ১০০ গ্রাম। এই বাড়তি ১০০ গ্রামের কারণেই তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। ওজন কমানোর জন্য নানা চেষ্টা করেছিলেন বিনেশ। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। এমনকি ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ভারতীয় ক্রীড়ায় কঠিন পরিস্থিতি। কিছুক্ষণ আগেই বড় খবর। কোর্ট অব আরবিট্রেশনে আবেদন করেছেন বিনেশ ফোগাট। পরিস্থিতির বিচার করে তাঁকে যাতে যুগ্মভাবে রুপোজয়ী ঘোষণা করা হয়, এরই আবেদন করেছেন বিনেশ। কোর্ট অব আরবিট্রেশন ফর (CAS) জানিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে।
সর্বভারতীয় অলিম্পিক সংস্থার এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করেছি।’ ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য অলিম্পিক থেকে বাতিল হন বিনেশ ফোগাট। স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের বড় হতাশা নেমে আসে। বিনেশ যে ছন্দে ছিলেন তাতে সোনার পদকের প্রত্যাশাই বাড়ছিল। অন্তত রুপো আসতোই। কিন্তু ফাইনালে নামতে না পারায় সেই আশার ইতি হয়। নতুন করে সেই আশা দেখা দিয়েছে।
অলিম্পিক গেমসে কোনওরকম সমস্যা হলে তার জন্য কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের একটি অ্যাড হক ডিভিশন রাখা হয়েছে প্যারিসেও। ওপেনিং সেরিমনি থেকে ১০ দিন পর্যন্ত এই কমিটির মাধ্যমে কোর্টে আবেদন করার বিকল্প ছিল। বিনেশের তরফে আবেদন করা হয়েছে। বিনেশ ফোগাট অনবদ্য খেলেও প্যারিস থেকে খালি হাতে ফিরবেন নাকি রুপোর পদক সহ, নির্ভর করছে কোর্টের সিদ্ধান্তের উপর।