
পুণে: বড় ধাক্কা খেল ভারতীয় রোয়িং। বিশেষ করে আর্মি রোয়িং নোডের (ARN) জন্য একটি বড় অস্বস্তির খবর। বিশ্বকাপে সোনাজয়ী ভারতীয় রোয়ার লক্ষ্য-কে প্রভিশনাল সাসপেন্ড করা হয়েছে। প্রতিযোগিতার বাইরে নেওয়া একটি ডোপ পরীক্ষায় তাঁর নমুনায় নিষিদ্ধ পদার্থ স্ট্যানোজোলল ধরা পড়েছে।
লক্ষ্য গত মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত রিং ওয়ার্ল্ড কাপ ৩ এ উজ্জ্বল সিংয়ের সঙ্গে জুটি বেঁধে লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে সোনার পদক জিতেছিলেন। সেই সাফল্যের কিছুদিন পরই ২৫ মে পুণেতে সংগ্রহ করা একটি যমুনার পরীক্ষায় তিনি পজিটিভ বলে রিপোর্ট আসে। এই ঘটনার পর ভারতীয় রোয়িং মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া অবধি সাময়িকভাবে সমস্ত প্রতিযোগিতা থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে। এই সোনা ছিল রোয়িং বিশ্বকাপে ভারতের প্রথম পদক। তবে ডোপিং প্রমাণিত হলে সেই পদক বাতিল হয়ে যেতে পারে। ফলে ভারতীয় রোয়িংয়ের ইতিহাসে অন্যতম বড় সাফল্য প্রশ্নের মুখে পড়েছে।
এই ঘটনা চলতি বছরের এশিয়ান গেমসের প্রস্তুতিতেও বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ, লক্ষ্য-উজ্জ্বল জুটিকে পদকের অন্যতম শক্তিশালী দাবিদার বলে মনে করা হচ্ছিল। ২৩ বছর বয়সী এই হরিয়ানার বাসিন্দা লক্ষ্য গত বছর ভিয়েতনামে অনুষ্ঠিত এশিয়ান রোয়িং চ্যাম্পিয়নশিপে অজয় ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে লাইটওয়েট ডাবল স্কালস বিভাগেই সোনার পদক জিতেছিলেন। এছাড়া তিনি ভারতের কোয়াড্রুপল স্কালস দলেরও সদস্য ছিলেন, যে দল ওই প্রতিযোগিতায় রুপোর পদক জিতেছিল। তবে তাঁর ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর সব সাফল্যই প্রশ্নের মুখে।