Durand Cup 2026: ডার্বি দিয়ে শুরু ডুরান্ড কাপ, মাঠে প্রবেশ নিয়ে নয়া শর্ত কমিটির!

Durand Cup: প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে বিকেল ৫টা থেকে শুরু হবে ম্যাচ। এই ম্যাচের আগে উল্লেখযোগ্য বদল হয়েছে দুই দলেই। ইস্টবেঙ্গলের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মোহনবাগানের কোচ প্যানাজিওটিস দিলমপেরিস।

Durand Cup 2026: ডার্বি দিয়ে শুরু ডুরান্ড কাপ, মাঠে প্রবেশ নিয়ে নয়া শর্ত কমিটির!
ফাইল চিত্র।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 24, 2026 | 1:01 PM

কলকাতা: আগামিকাল, শনিবার থেকে শুরু ডুরান্ড কাপ (Durand Cup)। প্রথম ম্যাচেই মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আইএসএল চ্যাম্পিয়ন (ISL Champion) হওয়ার পর এই প্রথম মাঠে নামছে লাল-হলুদের সিনিয়র দল। টিকিট নিয়েই অনেক টালবাহানা হয়েছে। তবে, এবার ডুরান্ড কাপ শুরুর একদিন আগে টিকিট নিয়ে বড় আপডেট দিয়েছে কমিটি।

গতকাল ডুরান্ড কমিটি নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল, পেপারলেস টিকিটের নিয়ম কলকাতা ডার্বিতে প্রযোজ্য নয়। ডার্বিতে সেই অনলাইন টিকিট কেটে সেই টিকিট রিডিম করেই ফিজিক্যাল টিকিট কেটে ঢুকতে হবে। এবার, নতুন ঘোষণা করল কমিটি। নির্দেশিকা জারি করে তারা জানিয়েছে, যাঁরা আজ, ২৪ জুলাই শুক্রবার থেকে কলকাতায় অনুষ্ঠিত যেকোনও ম্যাচের টিকিট কাটবেন, তাঁদের আর ফিজিক্যাল টিকিট লাগবে না। তাঁদের ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন টিকিট স্টেডিয়ামের প্রবেশদ্বারে দেখালেই প্রবেশ করতে দেওয়া হবে। সেই ক্ষেত্রে কিউআর কোড বা এম টিকিট দেখালেই তাঁরা মাঠে প্রবেশ করতে পারবেন। তবে এই নিয়ম শুধুমাত্র যাঁরা আজ, শুক্রবার থেকে টিকিট কাটবেন, তাঁদের জন্য।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ আগেই বলেছিলেন, ফিজিক্যাল টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। স্টেডিয়ামে প্রবেশ করতে গেলে আর ফিজিক্যাল টিকিট লাগবে না। শুধুমাত্র এম টিকিট দেখালেই হবে। এবার ডুরান্ড কাপ আয়োজক কমিটি জানিয়েছে, ড. ইন্দ্রনীল খাঁর উদ্যোগেই টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ করা সম্ভব হয়েছে।

প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে বিকেল ৫টা থেকে শুরু হবে ম্যাচ। এই ম্যাচের আগে উল্লেখযোগ্য বদল হয়েছে দুই দলেই। ইস্টবেঙ্গলের নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মোহনবাগানের কোচ প্যানাজিওটিস দিলমপেরিস। এর মধ্যেই টিকিট সংক্রান্ত এই উদ্যোগ নিঃসন্দেহে হাসি ফোটাবে কলকাতার ক্রীড়াপ্রেমীদের মুখে।

Follow Us