
পানাজি: গোয়াতে চলছে বিশ্ব টেবিল টেনিস (World Table Tennis) স্টার কন্টেন্ডার প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে প্রতিযোগিতা করছেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha Mukhejee)। সম্প্রতি ঠাকুমাকে হারিয়েছেন তিনি। সেই দুঃখ কাটিয়ে এই প্রতিযোগিতার শেষ ষোলোয় উঠে এলেন সুতীর্থা। বিশ্ব টেনিস তালিকায় ১৮ নম্বরে থাকা জিয়া নান ইউয়ানকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে পৌঁছেছেন তিনি। ঠাকুমার স্বপ্ন ছিল প্লেয়ার হিসেবে অনেক হোন। সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে মনের জোর বাড়িয়ে খেলে চলেছেন তিনি। বিশ্ব টিটি মিটে আরও এগোতে চাইছেন বাংলার মেয়ে। TV9Bangla-য় পড়ুন বিস্তারিত।
জিয়া নানের বিরুদ্ধে দারুণ ছন্দে ছিলেন সুতীর্থা। গোয়ার পানাজির ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে ফ্রান্সের প্লেয়ারকে ১১-৭,১১-৮, ১১-৭ গেমে হারান তিনি। অর্থাৎ, স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। এখনও অবধি তাঁর কেরিয়ারে এটিই সবচেয়ে বড় জয়। শুধু তাই নয়, চলতি টুর্নামেন্টে মনিকা বাত্রার সঙ্গে সুতীর্থাও ভারতের জয়ের আশা টিকিয়ে রেখেছেন। অনবদ্য টাইমিং, শক্তিশালী ফোরহ্যান্ডই সুতীর্থার মূল অস্ত্র। ফরাসি প্লেয়ারের বিরুদ্ধে এইগুলোই কাজে লাগিয়েছেন তিনি। এই ম্যাচ জেতার পর সুতীর্থা বলেছেন, “বিশ্বের সেরা ২০র একজন প্লেয়ারকে হারিয়ে সত্যিই ভালো লাগছে। আমার পরবর্তী ম্যাচ ইয়ু ফুর বিরুদ্ধে। আশা করছি সেই ম্যাচেও আমি ভালো পারফর্ম করতে পারব।”
এই জয় সুতীর্থাকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করল। টোকিও অলিম্পিকের পরই মনিকা বাত্রা অভিযোগ করেছিলেন, সুতীর্থাকে টোকিও গেমসে জায়গা করে দিতে তাঁকে গড়াপেটা করতে হয়েছিল। সুতীর্থার বিরুদ্ধে জোর করে হারতে হয়েছিল। এই জল আদালত পর্যন্ত গড়িয়েছিল। আদালতের রায়ের পর খানিকটা হলেও চাপে পড়েছিলেন সুতীর্থা। সে সব কাটিয়ে আবার নতুন করে উঠে এলেন আলোয়।