
নয়াদিল্লি: পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নওয়াজকে (Mohd. Nawaz) ৩ মাসের জন্য নির্বাসিত করল আইসিসি। শোনা গিয়েছে, ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার জন্যই তাঁকে নির্বাসিত করা হয়েছে। ৬ মাস আগেও তিনি ছিলেন পাকিস্তানের টি২০ বিশ্বকাপ দলের সদস্য। তবে, আজ আবার তাঁর নির্বাসনের খবরে স্তম্ভিত ক্রিকেটবিশ্ব।
আইসিসি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, তাঁর নমুনায় যে নিষিদ্ধ উপাদান পাওয়া গিয়েছে, তা কোনও পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহৃত নয়, বরং তা মাদক পদার্থ বলে জানানো হয়েছে আইসিসির তরফে। তাঁর নমুনায় পাওয়া গিয়েছে কার্বক্সি টিএইচসি নামক একটি পদার্থ, যা সম্পর্কিত গাঁজার সঙ্গে। আইসিসির কথা অনুযায়ী, “পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার মহম্মদ নওয়াজ আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিভঙ্গের দায় স্বীকার করেছেন। এজন্য তাঁকে ৩ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। তবে চিকিৎসা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করলে তাঁর এই নিষেধাজ্ঞার মেয়াদ কমে একমাস হবে। তিনি যদি এই কর্মসূচিতে অংশ নেন, তাহলে তাঁকে আর বাকি সময় নির্বাসিত থাকতে হবে না।”
৭ ফেব্রুয়ারি টি২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের ম্যাচ ছিল ও তার আগেই ডোপ পরীক্ষা দেন নওয়াজ। ওই বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল ভারত ও শ্রীলঙ্কাতে তবে আইসিসিকে বিশেষ অনুরোধ করে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলেছিল পাকিস্তান। কিন্তু, নওয়াজকে নির্বাসনের ঘটনা এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে। আইসিসি জানিয়েছে, মহম্মদ নওয়াজ অভিযোগ স্বীকার করে নিয়েছেন ও প্রমাণ করেছেন যে নিষিদ্ধ পদার্থটি তিনি প্রতিযোগিতার বাইরে ব্যবহার করেছেন। এর সঙ্গে তাঁর ক্রিকেটীয় পারফরম্যান্স বাড়ানোর কোনও সম্পর্ক ছিল না। তবুও, তাঁকে নির্বাসন দেওয়ার পাশাপাশি ১ মে ২০২৬ পর্যন্ত তিনি যেকটি ম্যাচ খেলেছেন, সবকটির ব্যক্তিগত রেকর্ড বাতিল করা হয়েছে। তবে এই বছরের ১ মে তাঁকে নির্বাসিত করা হয়েছিল, যার মধ্যে আড়াই মাস তিনি কাটিয়ে ফেলেছেন।