
পদক সংখ্যায় লন্ডন অলিম্পিককে ছুঁল ভারত। প্যারিসে ষষ্ঠ পদক ভারতের ঝুলিতে। বৃহস্পতিবার জোড়া পদক জিতেছিল ভারত। হকিতে ব্রোঞ্জ এবং মাঝ রাতে রুপো নীরজ চোপড়ার ঝুলিতে। অবশেষে প্যারিসে কুস্তিতে প্রথম পদক ভারতের। আমন শেরাওয়াত ব্রোঞ্জ পদক ম্যাচ জিতলেন। এর সঙ্গেই ভারতের ষষ্ঠ পদক নিশ্চিত হয়। লন্ডন অলিম্পিকে ছটি পদক এনেছিল ভারত। টোকিওতে ছিল ভারতের সেরা পারফরম্যান্স। অলিম্পিকের গত সংস্করণে ভারত মোট সাতটি পদক জিতেছিল।
প্যারিস অলিম্পিকে ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে অংশ নিয়েছিলেন ভারতের তরুণ কুস্তিগির আমন শেরাওয়াত। ব্রোঞ্জ পদকের ম্যাচে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রজকে ১৩-৫ ব্যবধানে হারিয়ে দেশের ষষ্ঠ পদক নিশ্চিত করেন। কুস্তিতে ভারতের পদক ভাগ্য বরাবরই ভালো। সেই ধারাবাহিকতা বজায় থাকল আমনের সৌজন্যে। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা এখনও অস্বস্তিতে রয়েছেন বিনেশের ঘটনা নিয়ে। দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালে উঠেছিলেন বিনেশ। যদিও ওজনের জন্য ফাইনালে বাতিল করা হয় বিনেশকে। কুস্তিতে আমনের পদক সেই ক্ষতে সামান্য হলেও প্রলেপ দিল।
অলিম্পিকের মঞ্চে এই নিয়ে টানা পদক ভারতীয় কুস্তির। ২০০৮ সাল অলিম্পিক থেকে কুস্তিতে খালি হাতে ফেরেনি ভারত। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে সুশীল কুমার ব্রোঞ্জ এনেছিলেন। সেই থেকে পদকের সিলসিলা চলছে। আমন সেই ধারা বজায় রাখলেন। ম্যাচ শেষে পদকজয়ী আমন বলেন, ‘অনেক ক্লোজ ফাইট ছিল। শুরুতে সমানে সমানে ছিল। তবে পরের দিকে আমি এগিয়ে যাই। এই পদক বাবা-মা এবং পুরো দেশকে উৎসর্গ করতে চাই। এটা ভেবেই অলিম্পিকে এসেছিলাম যে ধীরে ধীরে এগোব। পদক নিয়ে ফিরতে পারব, ভেবে খুবই ভালো লাগছে।’