
কলকাতা: ইতিহাসের পাতায় তাঁরা শনিবারই উঠে পড়েছিলেন। রবিবার ছিল মালয়েশিয়ান ওপেন (Malaysia Open) খেতাব জয়ের পালা। অল্পের জন্য সোনার স্বপ্নপূরণ হল না। কথা হচ্ছে ভারতীয় শাটলার জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টিকে (Chirag Shetty) নিয়ে। ১৯৮৩ সাল থেকে পুরুষ ও মহিলাদের সিঙ্গলস এবং ডাবলসে কোনও ভারতীয় শাটলার মালয়েশিয়ান ওপেনের ফাইনালে ওঠেননি। তাই পুরুষদের ডাবলসের সেমিফাইনালে কোরিয়ান জুটিকে হারাতেই ইতিহাস গড়া হয়ে গিয়েছিল সাত্বিক-চিরাগদের। আজ, রবিবার চিনা জুটি ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েংয়ের বিরুদ্ধে মালয়েশিয়ান ওপেনের ফাইনালে নেমেছিলেন সাত্বিক-চিরাগ। শেষ অবধি লড়লেও সোনা জিততে পারলেন না সাত্বিক-চিরাগ।
মালয়েশিয়ান ওপেনের ফাইনালে প্রথম গেমে চিনা জুটির বিরুদ্ধে দাপট দেখিয়ে জিতেছিলেন সাত্বিক-চিরাগ। এরপর দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ান ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েং। দ্বিতীয় গেম ২১-১৮ ব্যবধানে জিতে নেয় চিনা জুটি। এরপর ম্যাচ গড়ায় তৃতীয় গেমে। তাতেও এগিয়ে ছিলেন ওয়াং ও লিয়াং। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে সাত্বিক-চিরাগের ওপর চাপ বাড়াতে থাকেন ওয়াং ও লিয়াং। শেষের দিকে সাত্বিক-চিরাগ মরিয়া হয়ে উঠেছিলেন পয়েন্ট তোলার জন্য। কিন্তু শেষরক্ষা হয়নি। তৃতীয় গেম ২১-১৭ ব্যবধানে জিতে সোনার হাসি হাসেন ওয়াং ও লিয়াং। আর রুপোতেই সন্তুষ্ট হতে হয় সাত্বিক-চিরাগকে।
এই নিয়ে পঞ্চম বার ওয়াং চ্যাং ও লিয়াং ওয়েং চিনা জুটির মুখোমুখি হলেন সাত্বিক-চিরাগ। অতীতে ৩ বার চিনা জুটি হারিয়েছিল সা-চি জুটিকে। এ বারও তার অন্যথা হল না। ২০২৩ সালের মালয়েশিয়ান ওপেনের সেমিফাইনালে এই চিনা জুটির কাছেই হেরেছিলেন সাত্বিক-চিরাগ। তাই এ বারের ফাইনালে তাঁদের হারিয়ে বদলা নেওয়ার সুযোগ ছিল ভারতীয় তারকা শাটলার জুটির কাছে। কিন্তু শেষ অবধি লড়াই করেও বদলা নিতে পারলেন না সাত্বিক-চিরাগ।
News Flash: Satwik & Chirag finish Runner-up at prestigious Malaysia Open.
Satchi go down fighting to World No. 1 Chinese pair 21-9, 18-21, 17-21 in Final. #MalaysiaOpen2023 pic.twitter.com/jfWAINZPqa
— India_AllSports (@India_AllSports) January 14, 2024
নতুন বছরের শুরুতে খেতাব অবশ্য এল না, কিন্তু ইতিহাস গড়েছেন সাত্বিক-চিরাগরা। এ বার তাঁদের নজর থাকবে ইন্ডিয়ান ওপেনে। ২০২৩ সালটা দারুণ সা-চি জুটির দারুণ কেটেছিল। বিশ্ব ব্যাডমিন্টনের এক নম্বর জুটি হয়েছিলেন সাত্বিক-চিরাগ। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তাঁরা। ইন্দোনেশিয়া ওপেন, কোরিয়া ওপেন এবং সুইও ওপেন খেতাবও জিতেছিলেন তাঁরা।