
কলকাতা : আর ঠিক দিন চারেক। তারপরেই বিশ্বকাপের (Football World Cup) মঞ্চ দাপাতে শুরু করবেন মেসি (Messi), রোনাল্ডো (Ronaldo), নেইমারের (Neymar Jr.) মতো মহাতারকারা। বিশ্বকাপের এই ৯৬ বছরের ইতিহাসে ঘটে গিয়েছে এমন অনেক ঘটনা, যা আজও সমর্থকদের মননে অমরত্বের ছাপ পেয়েছে। তার মধ্যেই একটি ঘটনা ২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই অভিশপ্ত ১১০ মিনিট, যখন ইতালির মার্কো মাতেরাজ্জিকে (Marco Materazzi) ঢুঁসো মেরে লাল কার্ড দেখেন ফ্রান্সের জিনেদিন জিদান (Zinedine Zidane)। কিন্তু কেন? কী এমন ঘটেছিল যে ঢুঁসো মারতে হল জিদানের?
২০০৬ বিশ্বকাপের ফাইনালে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ইতালি। ফরাসি জাদুকর জিদান আগেই জানিয়েছিলেন, এটি তাঁর শেষ ম্যাচ। ম্যাচের ৭ম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন জিদান। ১৯ মিনিটের মাথায় সমতা ফেরান মাতেরাজ্জি। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ১-১ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ম্যাচের ১১০ মিনিটে ঘটে ঘটনাটা। ইতালির পেনাল্টি বক্সের সামনে জিদান ও মাতেরাজ্জির মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। জিদান যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তখন মাতেরাজ্জি পিছন থেকে কিছু মন্তব্য করেন। কথা শোনা মাত্রই জিদান ঘুরে দাঁড়ান ও সজোরে নিজের মাথা দিয়ে মাতেরাজ্জির বুকে আঘাত করেন। ইতালিয়ান ডিফেন্ডার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।
ম্যাচ রেফারি ঘটনাটি না দেখলেও চতুর্থ রেফারির তৎপরতায় সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখানো হয় জিদানকে। বিশ্বকাপ ট্রফির পাশ দিয়ে মাথা নিচু করে জিদানের মাঠ ছাড়ার দৃশ্য আজও সমর্থকদের মনে অমলিন।
পরবর্তীকালে জানা গিয়েছিল, মাতেরাজ্জি জিদানের বোনকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও নোংরা গালাগাল দিয়েছিলেন, যা সহ্য করতে পারেননি ফরাসি ক্যাপ্টেন। ১০ জনের ফ্রান্সকে শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট-আউটে ৫-৩ হারিয়ে বিশ্বকাপের শিরোপা পায় ইতালি। তবে ট্রফি না জিতলেও ফ্রান্সের এই ঘটনা আজও উজ্জীবিত করে বহু প্রজন্মকে।