
আলিপুরদুয়ার: আগামী ১০ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা। কিন্ত এখন অবধি আ্যডমিট পায়নি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী জিৎ ওরাঁও।
এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে আদিবাসী সম্প্রদায়ের ছাত্র জিৎ ওরাঁও ও তার পরিবারের সদস্যরা। পরীক্ষার্থী জিৎ ওরাঁও বলে, “সবাই যখন স্কুলে আ্যডমিট নিতে গিয়েছিল। আমি ও গিয়েছিলাম। কিন্ত আমার আডমিট আসেনি। স্কুল থেকে জানিয়েছে হয়তো এবার আর পরীক্ষা দেওয়া হবে না।”
জিৎ ওঁরাও-এর বাবা পুনাই ওরাঁও বলেন, “স্কুলের ভুলের জন্য এমন হয়েছে। এখন ছেলে মন খারাপ করে বসে আছে। অনেক কষ্টে ছেলেকে পড়াশোনা করাচ্ছি। শেষে অ্যাডমিট না আসায় ছেলে পরীক্ষায় বসতে পারবে না।”
এ ঘটনায় উদ্বেগে গোটা পরিবার।মাধ্যমিক মনিটরিং কমিটির সদস্য ভাস্কর মজুমদার বলেন, “কেন ওই ছাত্র অ্যাডমিট পেলোনা তা নিয়ে স্কুলের সঙ্গে কথা বলা হবে।”
এদিকে, হাইকোর্টের নির্দেশের পরই তৎপর হল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ নির্দেশিকায় জানিয়েছে, পড়ুয়া প্রতি ১৫ হাজার ১৮৫ টাকা করে পর্ষদকে দেবে স্কুল। এর মধ্যে জরিমানা হিসেবে পড়ুয়া পিছু ১০,০০০ টাকা করে দিতে হবে, ৫ হাজার টাকা করে লেট চার্জ দিতে হবে ও ১৮৫ টাকা করে এনরোলমেন্ট ফি। অ্য়াডমিট কার্ড সংগ্রহ করার সময় নগদে বা ইউপিআই-এর মাধ্যমে ওই টাকা জমা দেবে স্কুল।