
বাঁকুড়া: নতুন করে তৈরির নামে এক মাসেরও বেশি সময় ধরে কেটে ফেলে রাখা হয়েছে রাস্তা। দূষণে জেরবার হচ্ছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। বারংবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। বুধবার সকাল থেকে
বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের মটগোদা মোড়ের কাছে পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী।
বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর সম্প্রতি ওই রাস্তা নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় পূর্ত দফতর। টেন্ডার করে একটি ঠিকা সংস্থাকে সম্প্রতি বরাত দেওয়া হয়। বরাত পাওয়ার পর রাস্তা খুঁড়ে তার খোল নলচে তুলে ফেলে বরাত পাওয়া সংস্থা। কিন্তু রাইপুর ব্লকের মটগোদা এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়া অবস্থায় থাকলেও নতুন করে রাস্তা নির্মাণের ব্যাপারে টালবাহানা করছে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা।
এদিকে খোঁড়া ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। যানবাহন চলাচল করলেই ধুলোয় ঢাকা পড়ছে গোটা এলাকা। এলাকার মানুষ আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট জনিত অসুখে। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তার কাজ শুরুর দাবিতে মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। এই অবরোধের জেরে ৯ নম্বর রাজ্য সড়কে আটকে পড়ে যানবাহন। রাইপুর থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা হয় অবরোধকারীদের। পরে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।